নেহা কাক্করের সঙ্গে প্রতিযোগীর আচরণ নিয়ে বিতর্ক

রিয়েলিটি শোগুলোকে বলা হয় বিনোদনের আখড়া। কখনো জামা খুলে নাচ, কখনো বা বিচারকদের খুশি করার জন্য অদ্ভুত আচরণ! নানা রকম পাগলামি চলতেই থাকে সার্কাসের মতো। তবে এই ঘটনা যেন ছাপিয়ে গেল সব কিছুকেই। এমনটা আগে কখনো দেখা যায়নি কোনো রিয়েলিটি শোতে। একজন প্রতিযোগী কি না চুমু খেয়ে বসলেন নারী বিচারককে। সেটাও আবার জোর করে! জনপ্রিয় রিয়েলিটি শো ‘ইন্ডিয়ান আইডল’-এর মঞ্চে বিচারক নেহা কাক্কারের সঙ্গে এমনটাই হয়েছে। আয়োজক চ্যানেল শেয়ার করেছে একটি স্বল্প সময়ের প্রোমো। প্রতিযোগীর নাম মিলন রাজপুত। তিনি নেহা কাক্করের বিশাল ফ্যান। তার জন্য কিছু উপহার এনেছেন। এ সময় তার হাতে ছিল টেডি বেয়ার আর একটি মূর্তি।

বিচারক নেহা কাক্করকে ছেলেটি জিজ্ঞেস করেন, ‘তুমি আমাকে চিনতে পেরেছ?’ নেহা কাক্কর তাকে মনে করার চেষ্টা করেন। ছেলেটি নেহা কাক্করের হাতে উপহার তুলে দিয়ে বললেন, ‘আমি তোমাকে ভালোবাসি।’ নেহা কাক্করের সামনে হাঁটু গেড়ে বসে ছেলেটি তার দিকে হাত বাড়িয়ে দেন। দেখা যায়, তার হাতে নেহা কাক্করের নাম লেখা ট্যাটু। এখানেই শেষ না, ছেলেটি বললেন, ‘তুমি আমাকে বিয়ে করবে?’ এ সময় মঞ্চে ছুটে আসেন এই অনুষ্ঠানের সঞ্চালক আদিত্য নারায়ণ। হঠাৎ ছেলেটি নেহা কাক্করকে জড়িয়ে ধরে তার গালে চুমু খান। প্রতিযোগীর এমন অভব্য আচরণে বিরক্ত হয়ে তার কাছ থেকে দূরে সরে যান নেহা কাক্কর। ঘটনার আকস্মিকতায় সবাই অবাক হন। হকচকিয়ে যান পাশে দাঁড়ানো আদিত্য নারায়ণ। প্রতিযোগীকে ধমক দিয়ে থামিয়ে দেন। বিচারকের আসনে থাকা অনু মালিক ও বিশাল দাদলানি একেবারে চুপ হয়ে যান। এনডিটিভি জানিয়েছে, এরই মধ্যে ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ভাইরাল হয়েছে। তবে এরপর কী ঘটেছে, তা সেই ভিডিওতে দেখানো হয়নি।

‘ইন্ডিয়ান আইডল ১১’ রিয়েলিটি শোর এই প্রমো দেখে অনেকেই মন্তব্য করেছেন, এটা সম্পূর্ণ সাজানো ঘটনা। অনুষ্ঠানটির প্রতি দর্শকের আগ্রহ বাড়ানোর জন্য এই ভিডিও দেওয়া হয়েছে। টিআরপি বাড়ানো এর মূল কারণ। কেউ কেউ বলেছেন, পুরো ঘটনাটি আগে থেকেই ঠিক করা ছিল, চিত্রনাট্যও সেভাবেই লেখা হয় আর দর্শক তা দেখে শুধু শুধু অবাক হয়েছেন। অনেকের মতে, ঘটনার পর নেহা কাক্করকে দেখে মোটেও মনে হয়নি পুরো ব্যাপারটা সাজানো ছিল। অনেকেই বলেছেন, সবাই দারুণ অভিনয় করেছেন। সেই প্রতিযোগীর পক্ষ নিয়ে একজন বলেছেন, এমন পাগল ভক্ত থাকা অস্বাভাবিক কোনো ঘটনা না। ভক্তদের কারণে শিল্পীদের প্রায়ই বিড়ম্বনার মুখোমুখি হতে হয়।

গত ২৯ সেপ্টেম্বর থেকে কালারস টিভিতে শুরু হয়েছে রিয়েলিটি শো ‘বিগ বস’। বিতর্কিত আর দারুণ সমালোচিত হলেও এই রিয়েলিটি শোর ব্যাপারে দর্শকের আগ্রহ এতটুকু কমেনি। তার সঙ্গে প্রতিযোগিতা করে টিকে আছে সনি এন্টারটেইনমেন্ট টেলিভিশনের ‘কৌন বনেগা ক্রোড়পতি’র সিজন ১১। ‘বিগ বস ১৩’ সঞ্চালনা করছেন সালমান খান আর ‘কৌন বনেগা ক্রোড়পতি ১১’ অমিতাভ বচ্চন। সনি এন্টারটেইনমেন্ট টেলিভিশন কর্তৃপক্ষ এরই মধ্যে টের পাচ্ছে, গান নিয়ে এখন এ ধরনের রিয়েলিটি শোর ব্যাপারে দর্শকের আগ্রহ তৈরি করা মোটেও সহজ কাজ নয়। সমালোচকদের মতে, এ কারণেই ‘ইন্ডিয়ান আইডল ১১’-এর শুরু থেকেই এই রিয়েলিটি শো নিয়ে বিতর্ক আর সমালোচনা তৈরির চেষ্টা করা হচ্ছে। সমালোচকদের মতে, যদি এমনটা না-ই হতো, তাহলে অডিশন রাউন্ডের এই ঘটনা অনুষ্ঠানের প্রমোর ভিডিওতে যুক্ত করা হলো কেন?