হিলিতে পেঁয়াজের দাম কমেছে কেজিতে ১০ টাকা

দুদিনের ব্যবধানে দিনাজপুরের হিলিতে পেঁয়াজের দাম কমেছে কেজিতে ৮-১০ টাকা। আগে প্রতি কেজি ভারতীয় পেঁয়াজ ৮০-৮৫ টাকায় বিক্রি হলেও এখন হচ্ছে ৭২-৭৫ টাকায়। আর প্রতি কেজি দেশি পেঁয়াজের দাম ১০০ টাকা থেকে কমে বিক্রি হচ্ছে ৯০ টাকায়।

হিলি স্থলবন্দরের ব্যবসায়ী রাশেদুল ইসলাম বলেন, রপ্তানিতে ভারত সরকারের নিষেধাজ্ঞা থাকায় ২০ দিন ধরে পেঁয়াজ আমদানি বন্ধ রয়েছে। সেই সঙ্গে মজুদ শেষ হয়ে যাওয়ায় হিলিতে এর দাম বাড়তে থাকে। ওই সময় পাইকারিতে প্রতি কেজি ৭৫-৮০ ও খুচরায় বিক্রি হচ্ছিল ৮০-৮৫ টাকায়। বর্তমানে মিয়ানমারসহ অন্যান্য দেশ ও পুরনো এলসির বিপরীতে সোনামসজিদ স্থলবন্দর দিয়ে আমদানি হওয়ায় দেশে পেঁয়াজের সরবরাহ কিছুটা বাড়ায় দাম কমতে শুরু করেছে। বর্তমানে প্রতি কেজি পেঁয়াজ পাইকারিতে ৭০-৭১ ও খুচরায় ৭২-৭৫ টাকায় বিক্রি হচ্ছে।