পুলিশের শাস্তি চান আহমদ শফী

ভোলার বোরহানউদ্দিনে সংঘর্ষের ঘটনায় জড়িত পুলিশ সদস্যদের শাস্তির দাবি জানিয়েছেন হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ আহমদ শফী ও মহাসচিব আল্লামা জুনায়েদ বাবুনগরী। গতকাল রবিবার সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তারা এ দাবি করেন।

হেফাজত নেতাদের অভিযোগ, ফেইসবুকের মেসেঞ্জারে মহানবী হযরত মুহাম্মদকে (সা.) কটূক্তিকারী বিপ্লব চন্দ্র শুভকে আইনের আওতায় না এনে ছাত্র-জনতার শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিলে পুলিশ হামলা করেছে। অবিলম্বে কটূক্তিকারী ও হামলাকারী পুলিশ সদস্যদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।

দাবি না মানলে অসহযোগ আন্দোলনের হুমকি দিয়ে তারা বলেন, ‘মহানবীর (সা.) কটূক্তি কোনো মুসলমান সহ্য করতে পারে না। কিন্তু বাংলাদেশে কিছুদিন পরপরই এমন ঘটনা ঘটছে। এ ঘটনা বন্ধে আমরা সরকারের কাছে নবীকে অবমাননার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের আইন দাবি করছি।’ হেফাজত নেতারা গতকাল রবিবার বোরহানউদ্দিনে সংঘর্ষে নিহতদের প্রতি শোক ও তাদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।