গণতন্ত্রবিহীন জাতি আত্মমর্যাদাহীন উল্লেখ করে নির্বাচন কমিশনার (ইসি) মাহবুব তালুকদার বলেছেন, দেশের নির্বাচন প্রক্রিয়াও দুর্নীতির আওতামুক্ত নয়। গতকাল রবিবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউট (ইটিআই) ভবনে ‘ভোটার তালিকা হালনাগাদকরণ কার্যক্রম যুগোপযোগীকরণ’ শীর্ষক কর্মশালায় এসব কথা বলেন তিনি।
ইসি মাহবুব বলেন, ‘নির্বাচন কমিশন, নির্বাচন কমিশন সচিবালয় ও মাঠপর্যায়ের নির্বাচন কর্মকর্তাদের বিষয়ে দুর্নীতির অভিযোগ দুঃখজনক। একটি দুর্নীতিমুক্ত ও স্বচ্ছ নির্বাচন কমিশন সর্বদাই জাতির প্রত্যাশা। দেশের নির্বাচন প্রক্রিয়াও দুর্নীতির আওতামুক্ত নয়।’
তিনি আরও বলেন, ‘যেসব জনপ্রতিনিধি অবৈধ উপায়ে বা দুর্নীতির মাধ্যমে নির্বাচনে জয়যুক্ত হন, তাদের নির্বাচনের কোনো বৈধতা থাকে না। জনগণের প্রতি অবৈধ জনপ্রতিনিধিদের দায়বদ্ধতা ও জবাবদিহিতার প্রশ্ন ওঠে না। এতে গণতন্ত্র সুসংহত ও যথাযথভাবে সংরক্ষিত হতে পারে না।’
ছবিসহ বায়োমেট্রিক ডেটাবেজ তৈরি দেশের জন্য এক যুগান্তকারী পদক্ষেপ উল্লেখ করে মাহবুব তালুকদার বলেন, ‘এখন পর্যন্ত সেই ডেটাবেজ ধরেই আমরা ভোটার তালিকা হালনাগাদ করছি। ভোটার তালিকা তৈরির সূচনা থেকে ভোটের ফল প্রকাশ পর্যন্ত নির্বাচন কমিশনের স্বাধীনতা অক্ষুণœ না থাকলে সমগ্র নির্বাচন প্রক্রিয়া প্রশ্নবিদ্ধ হয়ে পড়ে।’
ভোটার তালিকা হালনাগাদে চ্যালেঞ্জ রয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘রোহিঙ্গারা যাতে ছলেবলে বা কৌশলে ভোটার তালিকার অন্তর্ভুক্ত হতে না পারে সেজন্য সর্বোচ্চ সতর্কতা প্রয়োজন। রোহিঙ্গাদের ভোটার করার বিষয়ে যদি কোনো নির্বাচন কর্মকর্তার সংশ্লিষ্টতা পাওয়া যায়, তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। একই সঙ্গে মৃত ব্যক্তিদের ভোটার তালিকা থেকে বাদ দিতে সর্বদা সচেষ্ট থাকা দরকার।’
ইসি মাহবুব বলেন, নবাগতদের ভোটার তালিকায় যুক্ত করার জন্য প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনবল গড়ে তোলার পদক্ষেপ গ্রহণ জরুরি। এ ছাড়া ভোটার তালিকা আইন-২০০৯ ও ভোটার তালিকা বিধিমালা-২০১২-এর অসঙ্গতি দূর করা প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি। অনুষ্ঠানে প্রধান নির্বাচন কমিশনার নুরুল হুদাসহ অন্য নির্বাচন কমিশনাররাও উপস্থিত ছিলেন।