সাভারে স্বরাষ্ট্রমন্ত্রী

সুশাসন প্রতিষ্ঠায় অভিযানের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী

দেশে সুশাসন প্রতিষ্ঠার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা অভিযানের নির্দেশনা দিয়েছেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। গতকাল রবিবার উপজেলার জিরাবো পুকুরপাড় এলাকায় একটি তৈরি পোশাক কারখানা উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সন্ত্রাস, জঙ্গি ও মাদকমুক্ত করে আমরা সাফল্য অর্জন করেছি। এখন প্রধানমন্ত্রী সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে দেশে যারা দুর্নীতিপরায়ণ এবং অবৈধভাবে অর্থ-সম্পদের মালিক হয়েছেন কিংবা অবৈধ কাজের সঙ্গে সংযুক্ত হয়েছেন, টেন্ডারবাজি করছেন তাদের চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে আসার জন্য আমাদের নির্দেশনা দিয়েছেন। তিনি বলেন, এটাকে আপনারা শুদ্ধি অভিযান বলেন কিংবা অন্য অভিযান বলেন তার সঙ্গে আমি একমত নই। প্রধানমন্ত্রী সবসময় অন্যায়ের বিরুদ্ধে কথা বলেন, দুর্নীতির বিরুদ্ধে কথা বলেন, সন্ত্রাস-জঙ্গিবাদের বিরুদ্ধে কথা বলেন তারই একটি চলমান প্রক্রিয়া সবসময় চলে আসছে। আজকে যারা দুর্নীতি করছেন, আইন ভঙ্গ করছেন এবং আইনকে প্রভাবিত করে অন্য কাজ করছেন তাদের দমন করে আইনের আওতায় নিয়ে আসার জন্যই এ অভিযান চলছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন বিশ্বের কাছে উন্নয়নের ‘রোল মডেল’ উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশে বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটালে কাউকে ছাড় দেওয়া হবে না। দেশ থেকে সন্ত্রাসীদের মূলোৎপাটন করা হবে।

অরুনিমা গ্রুপের তৈরি পোশাক কারখানা ডিএমসি অ্যাপারেলসের উদ্বোধন উপলক্ষে এ অনুষ্ঠান আয়োজন করা হয়। মন্ত্রীর সঙ্গে এ সময় উপস্থিত ছিলেন অরুনিমা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ আবেদ হোসেন, উপব্যবস্থাপনা পরিচালক ফারুকুল ইসলাম, মহাব্যবস্থাপক সৈয়দ হামিদুল করিম, সাভার উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মঞ্জু প্রমুখ।