আজ থেকে ফের অনশনের ঘোষণা শিক্ষকদের

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির আশ্বাসে অসন্তুষ্ট আন্দোলনকারী নন-এমপিও শিক্ষকরা আজ সোমবার থেকে ফের অনশনে বসার ঘোষণা দিয়েছেন। গতকাল রবিবার রাতে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে শিক্ষামন্ত্রীর সঙ্গে আলোচনা শেষে ফিরে এ ঘোষণা দিয়েছেন তারা। আলোচনায় শিক্ষামন্ত্রী দীপু মনি বলেন, সুনির্দিষ্ট মানদ-ের ভিত্তিতেই শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিও দেওয়া হবে। বিদ্যমান এমপিও নীতিমালা সংশোধন করা হবে। পরিবর্তিত নীতিমালা অনুযায়ী এখন থেকে প্রতি বছর এমপিও দেওয়া হবে। এমপিওপ্রাপ্ত প্রতিষ্ঠানসমূহের মান নিয়মিত মনিটর করা হবে এবং যারা নীতিমালা অনুযায়ী ফলাফল করবে না তাদের এমপিও বাতিল করা হবে। তিনি বলেন, বর্তমান নীতিমালা অনুযায়ী এ বছরের এমপিও চূড়ান্ত করা হয়েছে। এ ক্ষেত্রে নতুন কোনো প্রতিষ্ঠানের অন্তর্ভুক্তির সুযোগ নেই। এর ব্যত্যয় করা হলে আদালতে মামলা হবে। তাই শিক্ষকদের আন্দোলন ছেড়ে ক্লাসে ফেরার আহ্বান জানান শিক্ষামন্ত্রী। মন্ত্রীর এ বক্তব্যে অসন্তুষ্ট শিক্ষকরা সভা শেষে মন খারাপ করে বেরিয়ে এসেছেন বলে জানিয়েছেন নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী ফেডারেশনের সভাপতি গোলাম মাহামুদুন্নবী ডলার। তিনি রবিবার রাতে দেশ রূপান্তরকে বলেন, ‘শিক্ষামন্ত্রীর আশ্বাসে আমরা সন্তুষ্ট হতে পারিনি। তিনি আমাদের আন্দোলন ছেড়ে বাড়ি ফিরে যেতে আহ্বান জানিয়েছেন। মন্ত্রীর সঙ্গে সভা শেষে আমরা শিক্ষকরা মিলে বৈঠক করেছি। সেখানে দাবি আদায়ে সোমবার সকাল ১০টা থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে প্রধান রাস্তার ফুটপাতে তারা অনশনে বসবেন বলে জানিয়েছেন।’

এর আগে গত বৃহস্পতিবার সন্ধ্যায় শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির সঙ্গে ফোনালাপের মাধ্যমে এ বৈঠকের সিদ্ধান্ত হয়। সারা দেশে স্বীকৃতিপ্রাপ্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা একযোগে এমপিওভুক্তির দাবিতে ১৪ অক্টোবর থেকে আন্দোলন করে আসছেন। গত শুক্রবার থেকে আমরণ অনশনে যাওয়ার কথা থাকলেও শিক্ষামন্ত্রীর ফোন পেয়ে তা স্থগিত করেন শিক্ষকরা।