ছাত্রলীগের এক নেতার ওপর আরেক নেতার হামলার অভিযোগ

লক্ষ্মীপুরের রামগঞ্জ পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি সোহেল চৌকিয়ার ওপর হামলার ঘটনা ঘটেছে। উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান শুভ অস্ত্রধারীদের নিয়ে ঘটনাটি ঘটিয়েছে বলে সোহেলের ভাই শহীদ চৌকিয়া অভিযোগ করেছেন।

তিনি জানান, লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ ছাত্রলীগের সম্মেলন থেকে রামগঞ্জের বাড়ি যাওয়ার পথে রবিবার রাত ১২টার দিকে সদর উপজেলার বিজয়নগর উচ্চ বিদ্যালয়ের সামনের সড়কে হামলার ঘটনা ঘটে।

এ সময় তার সঙ্গে থাকা অপর ছাত্রলীগ কর্মী নুপুর বাবুও আহত হন। খবর পেয়ে সদর উপজেলা ছাত্রলীগের নেতারা ঘটনাস্থল থেকে তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। আহতদের সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এদিকে, খবর পেয়ে রাতেই জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক রাসেল মাহমুদ মান্না, সাবেক ছাত্রলীগ নেতা  নজরুল ইসলাম ভুলু, চৌধুরী মাহমুদুন্নবী সোহেল ও জেলা কমিটির সাধারণ সম্পাদক জিয়াউল করিম নিশান হাসপাতালে সোহেলকে দেখতে যান।

আহত সোহেলের ভাই শহীদ চৌকিয়া জানান, আধিপত্য বিস্তার করতে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান শুভ মাইক্রোযোগে অস্ত্রধারীদের নিয়ে ঘটনাস্থল এসে সোহেলের ওপর হামলা করে। এ সময় এলোপাতাড়ি পিটিয়ে সোহেলের মাথাসহ শরীরের বিভিন্ন অংশে জখম করা হয়। সোহেল আগামী ৭ নভেম্বর সম্মেলনে উপজেলা ছাত্রলীগের সভাপতি প্রার্থী হওয়ায় শুভ পরিকল্পিতভাবে হামলার ঘটনাটি ঘটিয়েছেন।

অভিযোগ অস্বীকার করে ছাত্রলীগ নেতা মেহেদী হাসান শুভ বলেন, ‘ঘটনাটি আমি শুনেছি। এ হামলার সঙ্গে আমি জড়িত নয়। কে বা কারা ঘটনাটি ঘটিয়েছে, তা জানি না। আমি প্রতিহিংসার শিকার। আমার রাজনৈতিক ক্যারিয়ার ধ্বংস করতে মিথ্যা অভিযোগ আনা হয়েছে।’

জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জিয়াউল করিম নিশান জানান, চন্দ্রগঞ্জ থানা ছাত্রলীগের সম্মেলন শেষে সোহেল বাড়ি যাচ্ছিল। ঘটনাস্থলে পৌঁছালে কে বা কারা তার ওপর হামলা চালায়। এতে সোহেল চৌকিয়া গুরুতর আহত হন। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

এ ব্যাপারে লক্ষ্মীপুর সদর মডেল থানার ডিউটি অফিসার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. জিয়াউল হক বলেন, ঘটনাটি কেউ আমাদেরকে জানায়নি। তবে এ ব্যাপারে খোঁজখবর নেওয়া হচ্ছে।

প্রসঙ্গত, আগামী ৭ নভেম্বর রামগঞ্জ উপজেলা, পৌরসভা ও সরকারি কলেজ শাখা ছাত্রলীগের বার্ষিক সম্মেলন হওয়ার কথা রয়েছে। এ লক্ষে পদ প্রত্যাশীরা ইতোমধ্যে ব্যানার পোস্টার ও কাউন্সিলরদের সঙ্গে যোগাযোগ করে ভোট প্রার্থনা করছেন।