চীনে আটকে গেল টারান্টিনোর সিনেমা

চীনে মুক্তি নিয়ে জটিলতায় পড়েছে প্রখ্যাত হলিউড নির্মাতা কোয়ান্টিন টারান্টিনোর সর্বশেষ সিনেমা ‘ওয়ান্স আপন আ টাইম ইন হলিউড’। পরিস্থিতি এতটাই বেগতিক যে, শেষ পর্যন্ত সিনেমাটি চীনে মুক্তি না পেলে অবাক হওয়ার কিছু থাকবে না। লিওনার্দো ডিক্যাপ্রিও এবং ব্র্যাড পিট অভিনীত সিনেমাটি ২৫ অক্টোবর মুক্তির কথা ছিল চীনে। কিন্তু এক সপ্তাহ আগেই দেশটির চলচ্চিত্র নিয়ন্ত্রক সংস্থা সিনেমাটি প্রদর্শন স্থগিত করেছে। হলিউড রিপোর্টার ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে জানায়, সিনেমাটিতে কিছু জায়গায় পরিবর্তন না আনলে চীনে তা মুক্তি দেওয়া যাবে না। কিন্তু কোনো ধরনের পরিবর্তন আনতে রাজি নন টারান্টিনো। অবশ্য এ নিয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি সিনেমাটির প্রযোজনা সংস্থা সনি পিকচার্স।

মূলত চীনা বংশোদ্ভ‚ত কিংবদন্তি মার্শাল আর্ট তারকা ব্রæস লিকে নিয়ে এই জটিলতা। সিনেমার একটি দৃশ্যে ব্রæস লির সঙ্গে ব্র্যাড পিটকে মারপিট করতে দেখা যায়। সেখানে খুবই দাম্ভিক আচরণ করেন ব্রæস লি। অভিনেতার মেয়ে শ্যানন লি চীনের ন্যাশনাল ফিল্ম অ্যাডমিনিস্ট্রেশনের কাছে এই দৃশ্যের পরিবর্তন চেয়ে আবেদন করেন। তার মতে, ব্রæস লির বাস্তব চরিত্রের সঙ্গে সিনেমার কোনো মিল নেই। বরং ব্রæস লির প্রতি বিদ্রƒপ করেছেন টারান্টিনো। এর জন্য ক্ষমা চাইতে বলেন শ্যানন। পাশাপাশি দাবি করেন, যাতে সিনেমায় জুড়ে দেওয়া হয় এই চরিত্র কাল্পনিক।

যুক্তরাষ্ট্রে মুক্তির পরপরই এক সংবাদ সম্মেলনে টারান্টিনো জানান, ব্রæস লি দাম্ভিক লোক ছিলেন। এটা লোকজনের মুখে তিনি শুনেছেন। মোহাম্মদ আলীকে পরাজিত করতে পারবেন বলেছিলেন ব্রæস লি। সেই কথা জীবনীতে তার স্ত্রী লিন্ডা লিও লিখেছেন। ওই সময় ঝামেলা না হলেও এবার আটকে গেলেন চীনে।

নিজের সিনেমা নিয়ে একগুঁয়েমির জন্য বিখ্যাত টারান্টিনোরও ইচ্ছা নেই আবার সম্পাদনার টেবিলে বসার। যদিও আপত্তির বিষয়ে প্রথমে বিস্তারিত জানায়নি চীনা কর্র্তৃপক্ষ। তবে সহিংসতা নিয়ে এই আপত্তি বলে জানিয়েছে একটি সূত্র। এ নিয়ে বিশ্লেষকরা বলছেন, টারান্টিনোর অন্য সিনেমার তুলনায় এতে একদমই সহিংসতা নেই। ইতিমধ্যে সাড়ে ৩৬ কোটি ডলারের বেশি আয় করেছে ‘ওয়ান্স আপন আ টাইম ইন হলিউড’।

ধরে নেওয়া হয়েছিল চীনের বড় বাজারে সিনেমাটির আয় ৪০ কোটির ঘর পেরোবে। অবশ্য অন্য কারণও রয়েছে এর পেছনে। হংকংয়ে চলমান বিক্ষোভে গণতন্ত্রীপন্থিদের পক্ষ নিয়েছে যুক্তরাষ্ট্র। এ ঘটনার চাপ তো রয়েছেই। পাশাপাশি দুদেশের বাণিজ্য সম্পর্কে বেশ টানাপড়েন দেখা দিয়েছে। তবে সিনেমার গল্প বা দৃশ্য নিয়ে আপত্তি এই প্রথম নয়। অতীতে বেশ কিছু সিনেমা সম্পাদনা ছুরির নিচে যায়। সর্বশেষ অস্কারে একাধিক বিভাগে পুরস্কার জেতা ‘বোহিমিয়ান র‌্যাপসডি’র কিছু দৃশ্য বাদ পড়েছে চীনা কর্র্তৃপক্ষের আপত্তির মুখে।