রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ জাপানের নতুন সম্রাটের অভিষেক অনুষ্ঠানে যোগ দিতে ৮ দিনের সরকারি সফরে গতকাল টোকিও পৌঁছেছেন।
সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি নিয়মিত ফ্লাইট (এসকিউ ৬৪৬) রাষ্ট্রপতি ও তার সফরসঙ্গীদের নিয়ে টোকিওর স্থানীয় সময় সকাল ৬টা ৩১ মিনিটে হানেদা আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। জাপানে বাংলাদেশের রাষ্ট্রদূত রাবাব ফাতিমা, জাপানের পররাষ্ট্রমন্ত্রীর বিশেষ সহকারী
কেনজিরো মোনজা এবং বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা বিমানবন্দরে রাষ্ট্রপতিকে অভ্যর্থনা জানান।
সিঙ্গাপুরে ৩ ঘণ্টার বেশি যাত্রাবিরতির পর রাষ্ট্রপতিকে বহনকারী বিমানটি গত ২০ অক্টোবর স্থানীয় সময় রাত ১০টা ৫০ মিনিটে টোকিওর উদ্দেশে সিঙ্গাপুরের চাঙ্গি আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে। এর আগে সিঙ্গাপুর এয়ারলাইন্সের আরেকটি ফ্লাইট (এসকিউ ৪৪৯) রাষ্ট্রপতি ও তার সফরসঙ্গীদের নিয়ে স্থানীয় সময় ৭টা ২০ মিনিটে জাপানের পথে চাঙ্গি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
রাষ্ট্রপ্রধান ২০ অক্টোবর বিকেলে জাপান ও সিঙ্গাপুরে ৮ দিনের সরকারি সফরের উদ্দেশ্যে ঢাকা থেকে সিঙ্গাপুরের পথে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন।
রাষ্ট্রপতির সহধর্মিণী রাশিদা খানম, তার পুত্র রেজওয়ান আহমদ তৌফিক এমপি, মোহাম্মদ আফজাল হোসেন এমপি এবং বঙ্গভবন ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা তার সফরসঙ্গী রয়েছেন।
টোকিও সফরকালে রাষ্ট্রপতি আজ ২২ অক্টোবর দুপুর ১টা ৩০ মিনিটে স্টেট হল অব ইম্পেরিয়েল প্লেস-এ নতুন জাপান সম্রাট নারুহিতো ও সম্রাজ্ঞী মাসাকোর অভিষেক অনুষ্ঠানে যোগ দেবেন।
গণমাধ্যমের খবরে বলা হয়, জাপানি সম্রাট শতাব্দী পুরনো প্রথা অনুযায়ী অনুষ্ঠানে তার অভিষেকের কথা ঘোষণা করবেন। অনুষ্ঠানে ১৭০টির বেশি দেশের রাষ্ট্রপ্রধান ও উচ্চপদস্থ কর্মকর্তাসহ প্রায় ২ হাজার অতিথি উপস্থিত থাকবেন। সম্রাট নারুহিতোর (৫৯) বাবা আকিহিতো সিংহাসন পরিত্যাগ করার পর মে মাসে তিনি সিংহাসনে আরোহণ করেন। বিগত দুই শতকে সম্রাট আকিহিতোই প্রথম সিংহাসন পরিত্যাগকারী সম্রাট। জাপানের ঐতিহ্য অনুযায়ী উত্তরাধিকারসূত্রে তিনি ১২৬তম সম্রাট।
আগামীকাল ২৩ অক্টোবর রাষ্ট্রপতি আবদুল হামিদ জাপানের দ্বিতীয় বৃহত্তম নগরী ইয়োকোহামা সফর করবেন। একই দিন টোকিওর হোটেল নিউ ওটানিতে কসোভোর প্রেসিডেন্ট হাশিম থাওই বাংলাদেশের রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে সাক্ষাৎ করবেন। আবদুল হামিদ হোটেল নিউ ওটানিতে জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে আয়োজিত একটি ভোজসভায় অংশ নেবেন। দেশে ফেরার পথে রাষ্ট্রপতি দুই দিনের সফরে সিঙ্গাপুর অবস্থান করবেন। ২৭ অক্টোবর রাত ১১টা ৪০ মিনিটে রাষ্ট্রপতি দেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে। বাসস।