ভোলার ঘটনাকে পূর্বপরিকল্পিত দাবি করে এর প্রতিবাদে আগামীকাল বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশ করার ঘোষণা দিয়েছে বিএনপি। গতকাল সোমবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।
তিনি বলেন, কোনো ধর্ম নিয়ে অনাকাক্সিক্ষত মন্তব্য করা এ দেশের আবহমানকালের ঐতিহ্যে নেই। আমরা মনে করি, ভোলার ঘটনা
পূর্বপরিকল্পিত। যে কারণে ভোলাকে রক্তেরঞ্জিত করা হয়েছে। এর সুষ্ঠু তদন্ত ও দায়ীদের দৃষ্টান্তমূলক সাজা দেওয়ার দাবি জানায় বিএনপি। ভোলার ঘটনাকে ‘গণহত্যা’ হিসেবে অভিহিত করে বিএনপির এই নেতা বলেন, আমরা সরকারের উদ্দেশ্যে বলতে চাই, জনগণকে যারা অবজ্ঞা করে তাদের পরিণতি শুভ হয় না। গণমানুষের জানমাল নিয়ে আর ছিনিমিনি খেলবেন না, যথেষ্ট হয়েছে। ভোলায় প্রতিবাদ কর্মসূচি পালন করতে দিলে কি সরকারের পতন হয়ে যেতÑ এমন প্রশ্ন রেখে তিনি বলেন, কিসের এত ভয়? কাদের প্রতি ভয়? ঘটনার শুরু শুক্রবার। ঘটনার পরে পুলিশের ব্যাখ্যায় মনে হয়, তারা পুরো বিষয়টি আগে থেকেই জানত। তাহলে এত সময় পেয়েও সামাল দিতে পারল না কেন? এর কারণ সরকার ও পুলিশের কাছে জনতার কোনো মূল্য নেই। তাই বিএনপি মনে করে এ ঘটনা পূর্বপরিকল্পিত।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, আমীর খসরু মাহমুদ চৌধুরী, ইকবাল হাসান মাহমুদ টুকু, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আতাউর রহমান ঢালী, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, শামা ওবায়েদ, নুরী আরা সাফা, মীর সরফত আলী সপু প্রমুখ।