নিকার বৈঠক

শর্তসাপেক্ষে ফরিদপুর সিটি করপোরেশন প্রস্তাব অনুমোদন

শর্তসাপেক্ষে ফরিদপুর সিটি করপোরেশন করার প্রস্তাবে অনুমোদন দিয়েছে প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত

জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার)। গতকাল সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে নিকার সভায় এ অনুমোদন দেওয়া হয়।

সভা শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের বলেন, ‘ফরিদপুর সিটি করপোরেশন করার প্রস্তাব অনুমোদন করা হয়েছে। তবে শর্ত হচ্ছে, ফরিদপুর বিভাগীয় কার্যক্রম শুরুর পর এটি হবে।’

বিভাগ না হলেও অনেক জেলায় সিটি করপোরেশন আছে, কিন্তু ফরিদপুর সিটি করপোরেশনের ক্ষেত্রে এ শর্ত কেন, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে শফিউল আলম বলেন, ‘অতীতে যা হয়েছে তা রেফারেন্স হিসেবে আনা যাবে না। ভবিষ্যতে এই দৃষ্টান্ত অনুকরণীয় হবে।’

তিনি জানান, ফরিদপুরকে সিটি করপোরেশন করাসহ পুলিশি থানা গঠন ও পৌরসভা সম্প্রসারণের প্রস্তাব অনুমোদন করেছে নিকার। এর মধ্যে সিলেটের বিশ্বনাথপুর একটি নতুন পৌরসভা গঠনের প্রস্তাব রয়েছে। যেসব পুলিশি থানা গঠনের প্রস্তাব অনুমোদন করা হয়েছে সেগুলো হচ্ছে চুয়াডাঙ্গার দর্শনা, পদ্মা সেতুর উত্তরপাড়ে পদ্মা সেতু উত্তর থানা, দক্ষিণপাড়ে পদ্মা সেতু দক্ষিণ থানা, ঠাকুরগাঁও সদর থানাকে বিভক্ত করে ভুল্লী নামে নতুন থানা, নোয়াখালী জেলার হাতিয়ার ভাসানচর, চট্টগ্রামের রাঙ্গুনিয়াকে বিভক্ত করে দক্ষিণ রাঙ্গুনিয়া এবং কক্সবাজার সদর থানাকে ভাগ করে ঈদগাঁও তদন্ত কেন্দ্রকে থানায় উন্নীত করার প্রস্তাব অনুমোদন হয়েছে। এ ছাড়া গোপালগঞ্জ, মোংলা,  কালিয়াকৈর পৌরসভা স¤প্রসারণ করার প্রস্তাব অনুমোদন করা হয়েছে। কুমিল্লার আদর্শনগর পৌরসভার অফিস কুমিল্লা সিটি করপোরেশন এলাকার মধ্যে পড়ায় তা স্থানান্তর করার প্রস্তাব অনুমোদন করা হয়েছে। নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ পৌরসভার সীমানা সংকোচনের প্রস্তাব অনুমোদন করা হয়েছে বৈঠকে। এর কিছু অংশ বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ বা বেজার মধ্যে পড়েছে। পৌরসভায় বেজা থাকার কোনো নিয়ম না থাকার কারণে একটি অংশ পৌরসভা থেকে বাদ দেওয়া হয়েছে।