পদ্মা সেতুর ১৫তম স্প্যান বসলো, দৃশ্যমান ২২৫০ মিটার

পদ্মা সেতুর ১৫তম স্প্যান বসানো হয়েছে। এর মধ্যদিয়ে সেতুর ২২৫০ মিটার দৃশ্যমান হলো।

মঙ্গলবার বেলা সোয়া ১১টায় এই স্প্যানটি জাজিরা প্রান্তে (প্রশাসনিক মাদারীপুর জেলা) সেতুর ২৩ ও ২৪ নম্বর পিলারে স্থাপন করা হয়।

এর আগে ১৫০ মিটার দৈর্ঘ্যের ৩ হাজার ১৪০ টন ওজনের স্প্যানটি মাওয়া কন্সট্রাকশন ইয়ার্ড থেকে বহন করে নিয়ে যায় তিন হাজার ৬০০ টন ধারণ ক্ষমতার ‘তিয়ান ই’ ক্রেন।

১৫তম স্প্যানটি বেশ কয়েকদিন ধরে বসানোর জন্য পিয়ার ২৩-২৪ এর কাছে রাখা ছিল। কিন্তু নাব্যতা সংকটের কারণে স্প্যানটি বসাতে বিলম্ব হয়।

বাসস জানায়, অনবরত ড্রেজিং করে স্প্যানবাহী জাহাজটি যথাস্থানে যাওয়ার জন্য পানির গভীরতা তৈরি করে স্প্যানটি মঙ্গলবার স্থাপন করা হয়।

এছাড়া আরও চারটি স্প্যান কন্সট্রাকশন ইয়ার্ডে আছে। চর এলাকায় ২৮ নম্বর পিয়ারের কাছে থাকা একটিসহ মোট পাঁচটি স্প্যান সম্পূর্ণ রেডি অবস্থায় রাখা আছে। এ স্প্যানগুলো অল্প সময়ের মধ্যে স্থাপন করা হবে।

এদিকে চীন থেকে পদ্মা সেতুর কন্সট্রাকশন ইয়ার্ডে আরও একটি স্প্যান পৌঁছেছে। এনিয়ে সেতুর মোট ৩১টি স্প্যান কন্সট্রাকশন ইয়ার্ডে পৌঁছাল।

প্রসঙ্গত, ৬ দশমিক ১৫ কিলোমিটার দীর্ঘ এ বহুমুখী সেতুর মূল আকৃতি হবে দোতলা। কংক্রিট ও স্টিল দিয়ে নির্মিত হচ্ছে এ সেতুর কাঠামো।