জয়পুরহাটের আক্কেলপুরে এক গৃহবধূকে অপহরণ করে দলবদ্ধ ধর্ষণের পর হত্যা মামলার সাতজন আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার দুপুরে জয়পুরহাট জেলা ও দায়রা জজ এম এ রব হাওলাদার এ রায় দেন।
আসামিরা হলেন- আক্কেলপুর উপজেলার মারমা পূর্বপাড়া গ্রামের খয়বর আলীর ছেলে সোহেল তালুকদার (২৭), দেওড়া সোনারপাড়া গ্রামের মৃত রইচ উদ্দিনের ছেলে আফজাল হোসেন (৫৩) ও ভোলা সোনারের ছেলে মজিবুর রহমান সোনার (৪৪), দেওড়া পূর্ব গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে রাহিম (২৪), দেওড়া সাখিদার পাড়া গ্রামের মৃত এবাদত আলী সাখিদারের ছেলে ফেরদৌস সাখিদার (৪৪), জগতি গ্রামের আ. রশিদের ছেলে রুহুল আমিন (৩৭) ও দেওড়া গুচ্ছ আশ্রয়ন কেন্দ্রের মৃত ইছাহাক আলী ছেলে আজিজার রহমান (৫২)।
মামলা সূত্রে জানা যায়, গত ২০১৬ সালের ৮ নভেম্বর জেলার আক্কেলপুর উপজেলার দেওড়া গুচ্ছ গ্রামের উজ্জল মহন্তের স্ত্রী আরতি রানী রাত ৮টার দিকে বাড়ির পার্শ্ববর্তী দুর্গাপূজার প্রতিমা দেখে বাড়ি ফিরছিলেন। পথে স্থানীয় কয়েকজন যুবক ওই গৃহবধূকে জোরপূর্বক অপহরণ করে ধর্ষণের পর হত্যা করে।
এ ঘটনায় নিহতের স্বামী বাদী হয়ে আক্কেলপুর থানায় মামলা করেন। এরপর পুলিশ অভিযুক্তদের গ্রেপ্তারের পর আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
আদালতে দীর্ঘ শুনানির পর আদালত আজ এ রায় দেন।