আমার চাকরির বিষয়ে অন্য কাউকে প্রশ্ন করুন: জিদান

চ্যাম্পিয়নস লিগে রিয়ালের দুর্দশার ভেতর নিজের চাকরি নিয়ে কথা বললেন কোচ জিনেদিন জিদান। তাকে নিয়ে ওঠা গুঞ্জনের বিষয়ে সংবাদ সম্মেলনে বলেন, আমার চাকরির বিষয়ে আপনার অন্য কাউকে প্রশ্ন করা উচিত।

কয়েকটি স্প্যানিশ সংবাদমাধ্যমে দাবি করা হয়েছে, জিদানকে সরিয়ে মরিনহোকে দায়িত্ব দেওয়া হতে পারে। জিদানের কথায় বোঝা গেছে, তিনি নিজেও এই খবর শুনেছেন।

‘যা হবে, তা হবে,’ মন্তব্য করে জিদান এক সাংবাদিকের প্রশ্নের জবাবে বলেন, ‘আমি চিন্তিত নই। ফুটবলে এমনই হয়। মানুষ অতীত ভুলে যায়। আমি তো চিরদিন রিয়ালের হতে চাই।’

তিনদিন আগে স্পেনের বেসরকারি টেলিভিশন লাসেক্সতা ‘এল চিরিগিনতো’ নামের একটি ক্রীড়া বিষয়ক অনুষ্ঠানে দাবি করে, রিয়াল মাদ্রিদে জিনেদিন জিদানের চাকরি নিয়ে টানাটানি পড়ে গেছে।

ওই অনুষ্ঠানে বলা হয় রিয়ালের কর্মকর্তারা মনে করছেন ‘কোচের বার্তা এই মৌসুমে ফলপ্রসূ হচ্ছে না।’

এমন পরিস্থিতিতে জিজুর মন্তব্য, ‘আমি যা করি, সেরাটা দিয়ে করি। এখনো ইতিবাচক আছি। পরিস্থিতি আমরা জানি, কিন্তু আপনার অন্য কারো কাছে জিজ্ঞেস করতে হবে।’

এর আগেও এক দফায় রিয়ালের কোচ ছিলেন জিদান। সেবার ছেড়ে যাওয়ার ১০ মাস পর দ্বিতীয় দফায় কোচ হয়ে ক্লাবটিতে ফিরে আসেন।