গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে যুবকের মৃত্যু

নওগাঁয় একটি ভবনের রান্না ঘরের সিলিন্ডার বিস্ফোরণে মর্মান্তিকভাবে প্রাণ হারিয়েছে এক যুবক। নিহত যুবকের নাম শাশ্বত লাহিড়ী (১৮)। সে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি (নেসকো) লিমিটেড নওগাঁ এর অ্যাকাউন্টিং অফিসার সঞ্চয় লাহিড়ীর ছেলে।

মঙ্গলবার দুপুর দেড় টার দিকে পার নওগাঁ এলাকায় এ ঘটনাটি ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে নওগাঁ শহরের পার নওগাঁ এলাকার একটি ভবনের তৃতীয় তলার একটি ফ্ল্যাটে সিলিন্ডার বিস্ফোরণ ঘটে। এসময় পুরো ভবনটিতে আগুন ছড়িয়ে পড়ে। স্নানীয় লোকজন আগুন নেভানোর চেষ্টায় ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসে সংবাদ দেয়। ফায়ার সার্ভিসের লোকজন আগুন নিভিয়ে রান্না ঘরের দরজার কাছ থেকে শাশ্বত লাহিড়ীর লাশ উদ্ধার করেন।

নওগাঁ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহরাওয়ার্দী হোসেন দেশ রূপান্তরকে বলেন, মঙ্গলবার দুপুরে ঘটনাটি ঘটার পরেই লাশ উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের হয়েছে।