ঝিনাইদহের শৈলকূপা উপজেলায় কলেজছাত্রী মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় বাবা মোশাররফ হোসেনকেও মারধর করার অভিযোগ উঠেছে বখাটে মোহিনের (২২) বিরুদ্ধে। গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলার ত্রিবেণী গ্রামে এ ঘটনা ঘটে। মোহিন গ্রামের রশিদ মোল্লার ছেলে।
কলেজছাত্রী তমা খাতুনের চাচাত ভাই রানা আহমেদ জানান, তার বোন শেখপাড়া রাহাতন নেছা গার্লস স্কুল অ্যান্ড কলেজের এইচএসসি দ্বিতীয়বর্ষের ছাত্রী। সকালে সে পরীক্ষা দেওয়ার জন্য বাড়ি থেকে বের হয়। মোহিন তার পথরোধ করে শ্লীলতাহানির চেষ্টা করে। এক পর্যায়ে ব্যাগ ছিনিয়ে নিয়ে ছিঁড়ে ফেলে ও চড়-থাপ্পড় মারে। তমার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে মোহিন পালিয়ে যায়। বাড়ি ফিরে বিষয়টি জানালে বাবা বখাটে মোহিনের পরিবারে গিয়ে অভিযোগ দেন। এতে সে ক্ষিপ্ত হয়। দুপুরে চাচাকে সহযোগী ইসরাইল, ইসাহাক ও ইলিয়াকে নিয়ে মোহিন চড়-থাপ্পড় ও কিলঘুষি মেরে আহত করে। মোহিনের পরিবারকে আগেও বিষয়টি জানানো হয়েছে। কিন্তু তারা ব্যবস্থা নেয়নি। এ ঘটনায় থানায় মামলা করা হবে বলেও জানান রানা আহমেদ।