খালেদা জিয়ার মুক্তির দাবিতে মশাল মিছিল

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে রাজধানীর এলিফ্যান্ট রোডে মশাল মিছিল করেছেন ধানম-ি থানা বিএনপির নেতাকর্মীরা। গতকাল মঙ্গলবার বাদ মাগরিব করা মিছিলে নেতৃত্ব দেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।

মিছিলটি সায়েন্স ল্যাবরেটরির মোড় থেকে শুরু হয়ে এলিফ্যান্ট রোডের বাটা সিগন্যালের কাছে গিয়ে শেষ হয়। মিছিলে ধানম-ি থানা বিএনপির সভাপতি শেখ রবিউল ইসলাম রবিসহ ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলের দেড় শতাধিক নেতাকর্মী অংশ নেন।

মিছিল শুরুর আগে সংক্ষিপ্ত বক্তব্যে রুহুল কবির রিজভী বলেন, মিডনাইট নির্বাচনের অবৈধ সরকার খালেদা জিয়াকে সম্পূর্ণভাবে বন্দি করে রেখেছে। সরকার শুধু খালেদা জিয়াকেই বন্দি করেনি, তারা দেশের গণতন্ত্র, দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বকেও বন্দি করেছে।

তিনি বলেন, আমরা মনে করি, খালেদা জিয়ার মুক্তির মধ্য দিয়েই কেবল দেশের গণতন্ত্র ফিরবে এবং দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব মজবুত হবে। তাই আমরা অবিলম্বে খালেদা জিয়ার মুক্তির দাবি জানাচ্ছি।

প্রায় দুই সপ্তাহ আগে নয়াপল্টনে ঢাকার কেরানীগঞ্জ বিএনপি ও মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের নিয়ে একটা মশাল মিছিল করেছিলেন রিজভী।