নিরাপদ পরিবেশ তৈরি করে রোহিঙ্গাদের মিয়ানমারে ফিরিয়ে নিতে অং সান সু চির প্রতি আহ্বান জানিয়েছেন জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে। সম্রাট নারুহিতোর সিংহাসন আরোহণ অনুষ্ঠানে যোগ দিতে জাপান সফরে যাওয়া মিয়ানমারের নেত্রী অং সান সু চির সঙ্গে বৈঠককালে আবে এ আহ্বান জানান।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতির বরাতে বিডিনিউজের খবরে বলা হয়েছে, বৈঠককালে আবে বলেন, রাখাইনে মানবাধিকার লঙ্ঘন হয়েছে। এটি মেনে নেওয়া যায় না। স্বাধীন তদন্ত কমিশনের যে সুপারিশ এসেছে তা দ্রুত বাস্তবায়ন করা মিয়ানমার সরকারের জন্য অপরিহার্য।
তিনি বলেন, রাখাইন থেকে বাস্তুচ্যুত হওয়া রোহিঙ্গাদের ফেরাতে নিরাপদ পরিবেশ তৈরি করতে পারা মিয়ানমারের জন্য খুবই গুরুত্বপূর্ণ। শান্তি প্রক্রিয়ার জন্য জাপান সর্বাত্মক সহযোগিতা করে যাবে বলে তিনি উল্লেখ করেন।
মিয়ানমারে জাপানের বিশেষ রাষ্ট্রদূত সাসাকাওয়া ইয়্যুই বিষয়টির সার্বক্ষণিক তদারকি করছেন বলেও উল্লেখ করেন আবে। জবাবে অং সান সু চি বলেন, আমি প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করতে কোনো দ্বিধা করছি না।
বর্তমানে ১১ লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশের আশ্রয়ে আছে। এদের সাড়ে সাত লাখই এসেছে ২০১৭ সালের আগস্টে রাখাইনে মিয়ানমার সেনাবাহিনীর দমনাভিযানের মুখে।
বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিজ ভূমিতে ফেরাতে উদ্যোগ নেওয়া হলেও মিয়ানমার সরকার এখনো রাখাইনে তাদের জন্য নিরাপদ পরিবেশ তৈরি না করায় তা সফল হয়নি। নিরাপদে ও মর্যাদার সঙ্গে মিয়ানমারে ফিরতে চায় তারা।