কমপক্ষে ১০০ কোটি ডলার বা তার চেয়ে বেশি সম্পদমূল্যের বেসরকারি কোম্পানির সংখ্যায় এখন বিশ্বে এক নম্বরে উঠে এসেছে চীন। দেশটিতে এ ধরনের কোম্পানির সংখ্যা ২০৬টি। আর এতদিন প্রথম স্থানে থাকা যুক্তরাষ্ট্রে কোম্পানির সংখ্যা ২০৩টি।
সাংহাইভিত্তিক গবেষণা সংস্থা ওয়েলথ রিসার্চ ফার্ম হুরুন এ তথ্য জানিয়ে বলেছে, বিশ্বে ১০০ কোটি ডলার বা ১ বিলিয়ন ডলারের বেশি সম্পদমূল্য রয়েছে এমন বেসরকারি কোম্পানিগুলোর ৮০ শতাংশই এই দুই দেশে অবস্থিত।
যুক্তরাষ্ট্র ও চীনের কোম্পানিগুলোর তুলনামূলক সংখ্যা বিশ্লেষণ করে সংস্থাটি বলেছেÑ ই-কমার্স, ইলেকট্রিক কার ও হেলথ কেয়ার খাতে চীনা কোম্পানির সংখ্যা যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে গেছে।
তবে ক্লাউড কম্পিউটিং, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ও লাইফ সায়েন্সে এখনো এগিয়ে যুক্তরাষ্ট্র।
১ বিলিয়ন ডলারের বেশি সম্পদমূল্যের বেসরকারি কোম্পানিগুলোকে ‘ইউনিকর্ন’ হিসেবে উল্লেখ করে প্রতিবেদনে বলা হয়েছে, এখন বিশ্বে ইউনিকর্নের রাজধানী হিসেবে প্রতিষ্ঠা পেয়েছে পেইচিং। চীনের রাজধানী পেইচিংয়ে এ ধরনের কোম্পানি রয়েছে ৮২টি, দ্বিতীয় স্থানে থাকা যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোতে এর সংখ্যা ৫৫।