পঙ্কজ দেবনাথকে স্বেচ্ছাসেবক লীগে বিরত থাকার নির্দেশ

ক্ষমতাসীন দলের সহযোগী সংগঠন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক পঙ্কজ দেবনাথকে সংগঠনটির সব ধরনের কার্যক্রম থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

গতকাল বৃহস্পতিবার রাষ্ট্রীয় সফরে দেশের বাইরে যাওয়ার আগে সংশ্লিষ্ট আওয়ামী লীগ নেতাদের তিনি এই নির্দেশ দেন বলে দলটির সম্পাদকমণ্ডলীর দুই

সদস্য জানিয়েছেন। দেশ রূপান্তরকে তারা বলেন, পঙ্কজ দেবনাথকে অব্যাহতি নয়, সম্মেলনের সব কার্যক্রম থেকে বিরত থাকতে বলা হয়েছে।

এর আগে স্বেচ্ছাসেবক লীগের সভাপতি পদ থেকে মোল্লা মো. আবু কাওসারকে অব্যাহতি দেওয়া হয়েছে। গত বুধবার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা শেষে এ কথা জানান। সাংবাদিকদের এক লিখিত প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘স্বেচ্ছাসেবক লীগের সভাপতিকেও নেত্রী তার পদ থেকে অব্যাহতি দিয়েছেন। এটা অলরেডি আমি তাকে জানিয়ে দিয়েছি।’

চলমান ক্যাসিনোবিরোধী অভিযানে বিভিন্ন সময় আলোচনা এসেছে মোল্লা মো. আবু কাওসারের নাম, ডিনি ওয়ান্ডারার্স ক্লাবের সভাপতি। অভিযানের প্রথম দিকেই ওয়ান্ডারার্স ক্লাবে অভিযান চালিয়ে ক্যাসিনো সরঞ্জাম উদ্ধার করে র‌্যাব। ইতিমধ্যে তার ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা হয়েছে। বিভিন্ন অভিযোগে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরীকেও। স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক পঙ্কজের বিরুদ্ধে কোনো অভিযোগ পরিষ্কার নয়। তাকে অব্যাহতি না দিয়ে সংগঠনের দায়িত্ব পালন থেকে বিরত থাকতে বলা হয়েছে।