ক্রিকেটারদের ক্যাম্প আজ থেকে শুরু

সব অনিশ্চয়তা পেরিয়ে আজ শুরু হচ্ছে ভারতগামী বাংলাদেশ জাতীয় দলের ক্যাম্প। খেলোয়াড়রা বুধবার ধর্মঘট থেকে মাঠে ফেরার সিদ্ধান্ত নেওয়ায় টি-টোয়েন্টি দলের এই ক্যাম্প সময়মতোই শুরু হচ্ছে। তবে চোটের কারণে ছিটকে পড়া মিডিয়াম পেসার মোহাম্মদ সাইফউদ্দিন থাকছেন না। তার ভারত সফর শেষ হয়ে গেছে। গেল সপ্তাহে টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করা হলেও শেষ পর্যন্ত ১৪ জনের দল যেতে পারে ভারতে।

গত মাসে ত্রিদেশীয় সিরিজে খেলার সময় পিঠের ইনজুরিতে পড়েন সাইফউদ্দিন। সম্প্রতি তাকে ডিসেম্বর পর্যন্ত পুরো বিশ্রাম দেওয়া হয়েছে। কিন্তু তার জায়গায় ভারত সফরে টি-টোয়েন্টির জন্য কাকে নেওয়া হবে এই প্রশ্নে গতকাল নির্বাচক হাবিবুল বাশার সুমন দেশ রূপান্তরকে জানালেন, ‘আর কাউকে নাও নেওয়া হতে পারে। ১৪ সদস্যের দল নিয়ে ভারত সফরে যাওয়ার সম্ভাবনা আছে।’

এবার এই ক্যাম্পের আগে বিসিবি ঘোষণা দিয়েছিল, জাতীয় দলের সব খেলোয়াড়কে জাতীয় লিগের অন্তত দুটি করে চারদিনের ম্যাচ খেলতে হবে। অধিনায়ক সাকিব আল হাসান ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের ফাইনালেও খেলেছেন। তাই খেলতে পারেননি জাতীয় লিগে। তামিম ইকবাল জুলাইয়ে নেওয়া বিশ্রাম থেকে ফিরে প্রথম রাউন্ডে খেলেছিলেন। অনুশীলনে চোটে পড়ার পর দ্বিতীয় রাউন্ড থেকে নিজেকে সরিয়ে নেন। মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, সৌম্য সরকার, মোসাদ্দেক হোসেন, শফিউল ইসলামরা দুটি করে রাউন্ডে খেলেছেন। দেশের হয়ে অন্য ব্যস্ততার কারণে মেহেদী হাসান মিরাজ, লিটন দাস, নাঈম শেখ, আফিফ হোসেন ধ্রæবরা একটি করে ম্যাচ খেলেছেন। চোটের কারণে একটি খেলতে পেরেছেন মোস্তাফিজুর রহমান ও আমিনুল ইসলাম বিপ্লব। দুটি করে ম্যাচ খেলা আল-আমিন হোসেন ও আরাফাত সানি প্রায় ৪ বছর পর জাতীয় দলের ক্যাম্পে ফিরছেন।

ভারতে ৩, ৭ ও ১০ নভেম্বর তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। এরপর আছে দুই টেস্টের সিরিজ। টেস্টের দল ঘোষণা করা হবে পরে।

ভারত সফরের জন্য ১৪ সদস্যের বাংলাদেশ টি-টোয়েন্টি দল : সাকিব আল হাসান (অধিনায়ক), তামিম ইকবাল, লিটন কুমার দাস, সৌম্য সরকার, নাঈম শেখ, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন সৈকত, আমিনুল ইসলাম বিপ্লব, আরাফাত সানি, আল-আমিন হোসেন, মোস্তাফিজুর রহমান ও শফিউল ইসলাম।