সাংবাদিকদের চাকরি রক্ষা করবে ‘সম্প্রচার আইন’ : তথ্যমন্ত্রী

সরকার সম্প্রচার সাংবাদিক ও কর্মীদের চাকরি এবং আনুষঙ্গিক সুবিধার আইনি সুরক্ষা নিশ্চিতে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ। সম্প্রচার গণমাধ্যমে বিভিন্ন সমস্যা নিয়ে গতকাল বৃহস্পতিবার

এক আলোচনা সভায় তিনি এ কথা জানান। মন্ত্রী বলেন, ‘আসুন, টেলিভিশনশিল্পকে বাঁচাতে সবাই একসাথে কাজ করি। যদি “সম্প্রচার আইন” পাস হয়, তবে আইনি সুরক্ষা নিশ্চিত হবে।’

পিআইবির মহাপরিচালক জাফর ওয়াজেদের সভাপতিত্বে ব্রডকাস্টিং মিডিয়া সেন্টার (বিজেসি) ও প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশ (পিআইবি) যৌথভাবে এই আলোচনা সভার আয়োজন করে। মন্ত্রী বলেন, আওয়ামী লীগের আমলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে বাংলাদেশের গণমাধ্যম খাতে বড় ধরনের বিপ্লব হয়েছে। এ ব্যাপারে তিনি আরও বলেন, শেখ হাসিনা ১৯৯৬ সালে দায়িত্ব গ্রহণের পর দেশে প্রথম কোনো বেসরকারি টেলিভিশনকে লাইসেন্স দেন। এখন দেশে প্রায় ৩৪টি বেসরকারি টেলিভিশন চ্যানেল অনুষ্ঠান সম্প্রচার করছে এবং ৪৪টি চ্যানেল লাইসেন্স পেয়েছে। হাছান মাহমুদ বলেন, টেলিভিশনশিল্পটি বিস্তৃত হচ্ছে। বিজ্ঞাপন কমে যাওয়াসহ বেশ কিছু সমস্যার সৃষ্টি হয়েছে। এখন শিল্পটিকে টিকে থাকতে হলে সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। মন্ত্রী বলেন, ‘মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণের পর থেকে আমি অক্লান্তভাবে সাংবাদিকদের কল্যাণে কাজ করে যাচ্ছি। কিন্তু এ জন্য আমাকে সংশ্লিষ্ট সবার সর্বাত্মক সহযোগিতা দরকার। সাংবাদিকরা সমাজের দর্পণ। তাদের সুরক্ষা দেওয়া আমাদের দায়িত্ব।’

গণমাধ্যম সম্প্রচারের ডিজিটালাইজেশন সম্পর্কে হাছান বলেন, এ খাতে ডিজিটালাইজেশনের পর দেশের গণমাধ্যম ও এর কর্মীদের স্বার্থ নিশ্চিত হবে। তিনি বলেন, বিভিন্ন পদক্ষেপ অনুসরণের মাধ্যমে ইলেকট্রনিক মিডিয়ায় শৃঙ্খলা প্রতিষ্ঠিত হয়েছে। কোনো ধরনের অনিয়ম হলে সরকার ব্যবস্থা নেবে। তিনি আরও বলেন, বিদেশের বিভিন্ন চ্যানেলে বাংলাদেশি বিজ্ঞাপন সম্প্রচার বন্ধ হয়েছে। তথ্যমন্ত্রী বলেন, পাশাপাশি, কেব্ল অপারেটররা সম্প্রচারের দিনক্ষণ অনুযায়ী বাংলাদেশি টিভি চ্যানেলগুলোর ধারাবাহিকতা বজায় রাখছে। তালিকায় বাংলাদেশি চ্যানেলের পর বিদেশি চ্যানেলগুলোকে রাখা হচ্ছে।’ তিনি বলেন, কোনো কোনো টেলিভিশন চ্যানেল বিদেশি সিরিজ বাংলায় ডাবিং করে সম্প্রচার করছে। এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। হাছান মাহমুদ বলেন, তাই মন্ত্রণালয় ডাবিংকৃত সিরিয়াল সম্প্রচারের জন্য সরকারের অনুমোদন নিতে নির্দেশ দিয়েছে। এ ব্যাপারটি তদারকির জন্য শিগগিরই একটি প্রিভিউ কমিটি গঠন করা হবে।