পায়ুপথে বাতাস ঢুকিয়ে শিশুকে হত্যা করল কিশোর

বগুড়ার কাহালুতে পায়ুপথে বাতাস ঢুকিয়ে এক শিশু শ্রমিককে হত্যা করা হয়েছে। এ ঘটনায় পুলিশ ওই কিশোরের সহকর্মীকে আটক করেছে।

নিহত আলাল হোসেন (১২) বগুড়ার কাহালু উপজেলার ঢাকন্তা গ্রামের মোতাহার আলীর ছেলে এবং একই উপজেলার মুরইল এলাকায় অবস্থিত আফরিন জুট মিলের পরিচ্ছন্নতাকর্মী।

কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়া লতিফুল ইসলাম জানান, নিহত আলাল ও আটক যতন চন্দ্র (১৭) আফরিন জুট মিলে পরিচ্ছন্নতা কর্মী হিসেবে কাজ করত। শুক্রবার বেলা ১১টার দিকে তারা হাওয়া মেশিন দিয়ে ওই মিলের পরিচ্ছন্নতা কাজ করতে যায়। সেসময় যতন হাওয়া মেশিন দিয়ে তার সহকর্মী আলালের পায়ুপথে বাতাস ঢুকিয়ে দেয়। এতে আলাল গুরুতর অসুস্থ হয়ে পড়ে। তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা ৩টার দিকে আলাল মারা যায়।

ওসি জানান, ঘটনার পরপরই যতন চন্দ্রকে আটক করা হয়। সে বগুড়ার শাজাহানপুর উপজেলার খরনা গ্রামের সন্তোষ চন্দ্রের ছেলে। নিহতের পরিবার এ বিষয়ে থানায় মামলা দায়ের করবে বলে পুলিশকে জানিয়েছে উল্লেখ করেন ওসি।