নতুন গানের অ্যালবাম প্রকাশ করতে যাচ্ছে দেশের অন্যতম জনপ্রিয় গানের দল ‘জলের গান’। রবিবার ডিজিটাল মিডিয়ায় এবং সিডি আকারে বাজারে আসবে ১২টি গান দিয়ে সাজানো অ্যালবামটি। এ প্রসঙ্গে দেশ রূপান্তরের মুখোমুখি হয়েছিলেন রাহুল আনন্দ। সাক্ষাৎকার নিয়েছেন পাভেল রহমান
অনেক দিন পর নতুন অ্যালবাম...
এর আগে ‘অতল জলের গান’ ও ‘পাতালপুরের গান’ নামে দুটি অ্যালবাম প্রকাশ করেছে জলের গান। এবার ১২টি নতুন গান নিয়ে ‘নয়ন জলের গান’ অ্যালবামটি প্রকাশ পেতে যাচ্ছে। অ্যালবামের জন্য ১৬টি গান তৈরি করেছিলাম আমরা। সেখান থেকে ‘হলুদ ফুল’, ‘ফুল চাষির গান’, ‘বন্ধু-২’, ‘চন্দনী’, ‘ঘুঙুর’, ‘শূন্য’, ‘ডানা ভাঙা পাখির গান’, ‘রসিক যেজন’, ‘পিঠা পুলির গান’, ‘জীবনানন্দ’, ‘মানুষ’, ‘বাংলার মুখ’ শিরোনামের ১২টি গান দিয়ে অ্যালবামটি সাজানো হয়েছে।
অ্যালবামের বিশেষত্ব কী?
এই অ্যালবামে ‘চন্দনী’ শিরোনামে একটি গান গেয়েছেন আমার গুরুজী বারী সিদ্দিকী। অনিমেষ আইচের ‘না মানুষ’ সিনেমার জন্য গেয়েছিলেন গানটি। সেই সিনেমাটি এখনো মুক্তি পায়নি। সম্ভবত এটিই বারী সিদ্দিকীর সর্বশেষ প্রকাশিত গান হতে যাচ্ছে। আমাদের প্রতিটি অ্যালবামেই বন্ধুর গান রাখি।
প্রথম অ্যালবামে আনুশেহ আনাদীল গেয়েছিল একটি গান। দ্বিতীয় অ্যালবামে ছিল সৈয়দ ওয়াকিল আহাদের গান। এবারের অ্যালবামে বারী সিদ্দিকীর এই গানটি থাকছে। এছাড়া পুরো অ্যালবামের রেকর্ডসহ মিউজিক ভিডিও ধারণ করা হয়েছে মৌলভীবাজারের কুলাউড়ায় এক পাহাড়ের ওপর। পুরো অ্যালবামেই জলের গান তার নিজস্বতা নিয়েই সাজিয়েছে।
‘নয়ন জলের গান’ পাওয়া যাবে কোথায়?
অ্যালবামটি ডিজিটাল প্ল্যাটফর্মে তো থাকবেই। এছাড়া সিডি আকারেও প্রকাশ করা হবে। সিডির সঙ্গে বরাবরের মতো জলের গান বের করছে একটি গানের খাতা। এবার পাওয়া যাবে গানের খাতার দ্বিতীয় সংস্করণ। এখানে জলের গানের সব গানের লিরিক এবং কর্ড বিভাজনও লেখা থাকবে। সিডি ও গানের খাতার দাম ১০০ টাকা। রবিবার বেলা আড়াইটায় চ্যানেল আইয়ে এবং বিকেল ৫টা থেকে সন্ধ্যা ৭টা অবধি এবিসি রেডিওতে গান গেয়ে অ্যালবামটি প্রকাশ করা হবে। এরপর বন্ধুদের নিয়ে গানের আসর বসাবেন জলের গানের সদস্যরা।
জলের গানের বর্তমান লাইনআপ...
জলের গানের বর্তমান লাইনআপে রয়েছেন রাহুল আনন্দ, রানা সরোয়ার, এ বি এস জেম, মাসুম মিয়া, দীপ রায়, মল্লিক ঐশ্বর্য, গোপী দেবনাথ ও শব্দ প্রকৌশলী ডি এইচ শুভ্র।