দুর্নীতির বিরুদ্ধে অভিযান চলবে : স্বরাষ্ট্রমন্ত্রী

দেশে সুশাসন প্রতিষ্ঠায় দুর্নীতির বিরুদ্ধে অভিযান চলবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। গতকাল শুক্রবার সকালে রাজধানীর উত্তরার আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) মাঠে অ্যাম্বাসি কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ভোলার ঘটনা নিয়ে পুলিশ তদন্ত করছে। তদন্তে যাদের নাম বেরিয়ে আসবে তাদের বিচারের মুখোমুখি করা হবে।

তিনি বলেন, ‘বাংলাদেশ একটি সুন্দর দেশ। এখানে কোনো সন্ত্রাস ও জঙ্গিবাদ নেই। সব অ্যাম্বাসেডররা ফিল করেন বাংলাদেশ একটি শান্তির দেশ।’

পররাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগে স্পোর্টস স্কুল এবং অ্যাক্টিভিস্ট কমিউনিকেশনস লিমিটেড আয়োজিত দুদিনব্যাপী এই টুর্নামেন্টে অংশ নিচ্ছে অস্ট্রেলিয়া, ভুটান, ইরাক, দক্ষিণ কোরিয়া, মালদ্বীপ, নরওয়ে, পাকিস্তান, ফিলিস্তিন, সৌদি আরব, শ্রীলঙ্কা, সুইডেন, যুক্তরাষ্ট্র ও ভিয়েতনামসহ ১৩টি বিদেশি দূতাবাস ও ১৬টি দল।

এ ছাড়া প্রথমবারের মতো অংশ নিচ্ছে বাংলাদেশে কর্মরত জাতিসংঘের একটি দল। আর স্বাগতিক দল হিসেবে থাকছে পররাষ্ট্র মন্ত্রণালয় এবং কূটনৈতিক পুলিশ।

‘স্পোর্টস ফর পিস’ এই স্লোগানকে সামনে রেখে একত্রিত হচ্ছে বাংলাদেশে অবস্থিত দূতাবাসগুলো। সেভেন-এ-সাইড টুর্নামেন্টে ১৬টি দল নকআউট ভিত্তিতে খেলবে। সেরা দুই দলকে নিয়ে ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম, আর্মড পুলিশ ব্যাটালিয়ন হেডকোয়ার্টারের অতিরিক্ত আইজিপি মোশাররফ হোসেন, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ, ওয়ালটনের আন্তর্জাতিক বিজনেস ইউনিটের সভাপতি এডওয়ার্ড কিম প্রমুখ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।