গাজীপুরে গৃহবধূর লাশ উদ্ধার

সদর উপজেলার ভাওয়াল মির্জাপুর পূর্বপাড়া থেকে স্মৃতি আক্তার (২০) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার দুপুরে তার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। স্মৃতি ময়মনসিংহের ত্রিশাল উপজেলার দড়িরামপুর এলাকার আব্দুল হানিফের মেয়ে।

জয়দেবপুর থানার এসআই বাছেদ মিয়া জানান, ৫-৬ মাস আগে ভাওয়াল মির্জাপুর পূর্বপাড়া এলাকার মো. রিয়াজ উদ্দিনের ছেলে স্থানীয় পোশাকশ্রমিক রফিকুল ইসলামের (২৫) সঙ্গে স্মৃতির বিয়ে হয়। বিয়ের কিছুদিন পরই স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক বিষয়াদি নিয়ে মনোমালিন্য দেখা দেয়। সম্প্রতি তা দাম্পত্য কলহে রূপ নেয়। রফিক বাসায় ফিরতে দেরি হলেই পরকীয়া সন্দেহে তার সঙ্গে ঝগড়া করতেন স্মৃতি। গতকাল সকালে কর্মস্থলে যান রফিক। সকাল গড়িয়ে দুপুর হলেও ঘরের দরজা না খোলায় শ্বশুর দরজা ধাক্কাতে থাকেন। একপর্যায়ে দরজা খুলে গেলে তিনি ঘরের আড়ার সঙ্গে ওড়না দিয়ে ফাঁস লাগানো অবস্থায় স্মৃতিকে ঝুলতে দেখেন। উদ্ধার করে স্থানীয় একটি ক্লিনিকে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।