নৌ-পুলিশের অভিযানে আটক ১৩১

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ মাছ ধরার অভিযোগে সারা দেশে অভিযান চালিয়ে ১৩১ জনকে আটক করেছে নৌ-পুলিশ। গত শুক্রবার নৌ-পুলিশের বিভিন্ন ইউনিট এই অভিযান পরিচালনা করে। এ ঘটনায় আটক ব্যক্তিদের বিরুদ্ধে মৎস্য সংরক্ষণ আইনে মামলাসহ ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

এর আগে ইলিশের প্রধান প্রজনন মৌসুমকে কেন্দ্র করে এক প্রজ্ঞাপন জারি করে সরকার। এতে ৯ থেকে ৩০ অক্টোবর পর্যন্ত মোট ২২ দিন সারা দেশে ইলিশ ধরায় নিষেধাজ্ঞা দেওয়া হয়। এর পরিপ্রেক্ষিতে ‘মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০১৯’ পরিচালনা শুরু করেছে নৌ-পুলিশ। নৌ-পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত পুলিশ সুপার ফরিদা পারভীন জানান, অভিযানে ১৩১ জনকে আটক করা হয়েছে। এর মধ্যে ৮০ জনকে বিভিন্ন মেয়াদে  সাজা, ৪ জনের বিরুদ্ধে নিয়মিত মামলা, ৪২ জনকে ২ লাখ ২৯ হাজার টাকা জরিমানা ও ৫ জনকে খালাস দেওয়া হয়েছে।