আশুলিয়ার স্বনির্ভর ধামসোনা ইউনিয়নে এলজিএসপি-৩-এর অর্থায়নে চলমান বিভিন্ন প্রকল্প পরিদর্শনে গেছে বিশ্বব্যাংকের প্রতিনিধিদল। গতকাল শনিবার সকালে বিশ্বব্যাংকের আরবান ডেভেলপমেন্টের সিনিয়র স্পেশালিস্ট সেনহুয়া ওয়াংয়ের নেতৃত্বে ১০ সদস্যের একটি প্রতিনিধিদল প্রকল্পের অগ্রগতি পরিদর্শনে যায়।
পরে ইউনিয়ন পরিষদ আয়োজিত আলোচনা সভায় অংশ নেয় প্রতিনিধিদল। সভায় এলজিএসপি-৩-এর অর্থায়নে চলমান বিভিন্ন প্রকল্প সম্পর্কে একটি ভিডিও ডকুমেন্টারি প্রদর্শন করা হয়। আলোচনা শেষে প্রতিনিধিদলটির কাছে ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম এলাকার বিভিন্ন সমস্যা তুলে ধরে তা সমাধানে উন্নয়ন প্রকল্পের অর্থায়ন বাড়িয়ে দেওয়ার অনুরোধ জানান। তখন সেনহুয়া ওয়াং জলবহুল এ এলাকার গুরুত্ব বিবেচনায় আগামীতে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পে এলজিএসপি-৩-এর অর্থায়ন বাড়ানোর আশ্বাস দেন।
চলমান কাজ পরিদর্শন শেষে অনুভ‚তি জানতে চাইলে সেনহুয়া সাংবাদিকদের বলেন, ‘এলজিএসপি-৩-এর আওতায় এই ইউনিয়ন পরিষদে কাজগুলো খুব সুন্দরভাবে চলছে। আমরা সন্তুষ্ট।’ এ সময় ইউনিয়ন পরিষদের সচিব আমির হোসেনসহ অনেকে উপস্থিত ছিলেন।