গণপূর্তমন্ত্রী বললেন

আমি জমিদার সব মানুষ প্রজা সেদিন শেষ

শেরে বাংলাকে অনুসরণ করতে হলে আত্মোৎসর্গের রাজনীতিতে ফিরে আসতে হবে বলে মনে করেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিম। তিনি বলেছেন, ‘পচন ধরা অবক্ষয়ের রাজনীতি থেকে বেরিয়ে আসতে হবে। সৃজনশীল এবং গুণগতমানের রাজনীতিকে পুনরুদ্ধার করতে হবে। রাজনীতি হতে হবে

কৃষক, শ্রমিক, মেহনতি মানুষসহ সারা দেশের মানুষের কল্যাণের রাজনীতি। রাজনীতি এমন হবে না যে আমি নেতা,

আমি জমিদার আর সব মানুষ প্রজা। সে রাজনীতির দিন শেষ হয়ে গেছে।’

গতকাল শনিবার সকালে রাজধানীর শেরে বাংলার মাজার চত্বরে শেরে বাংলা এ কে ফজলুল হকের ১৪৬তম জন্মবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শেরে বাংলা জাতীয় সংসদ ও বিশ্ব বাঙালি সম্মেলনের সভাপতি মুহম্মদ আবদুল খালেকের সভাপতিত্বে শেরে বাংলার কর্মময় জীবনের ওপর আলোচনা অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।

গণপূর্তমন্ত্রী বলেন, ‘শেরে বাংলা এ কে ফজলুল হক ছিলেন বাঙালি জাতির ইতিহাসের অন্যতম মহানায়ক। বাংলাদেশের স্বাধীনতা একদিনে আসেনি। দীর্ঘ ধারাবাহিক পথপরিক্রমায় আন্দোলন-সংগ্রাম আর ত্যাগ স্বীকার করে বাঙালি একটি স্থানে এসে পৌঁছায়। সে ধারাবাহিকতায় বাঙালির অধিকার আদায়ের জন্য শেরে বাংলা যে সময় ভ‚মিকা রেখেছিলেন, সে সময় কথা বলার দুঃসাহস অনেকেই রাখতেন না। তিনি কখনো রাজনৈতিকভাবে, কখনো প্রশাসক হিসেবে, কখনো সরকারের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি হিসেবে নানাভাবে বাঙালির অধিকারের জন্য কাজ করেছেন।’

মন্ত্রী বলেন, ‘শেরে বাংলা এ কে ফজলুল হকের যে স্বপ্ন ছিল, সে স্বপ্নকে ধারণ এবং বাস্তবায়নে নেতৃত্ব দিয়েছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। সে স্বপ্নকে পরিপূর্ণতা দিচ্ছেন বঙ্গবন্ধুর উত্তরসূরি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমাদের দায়িত্ব শেখ হাসিনার হাতকে শক্তিশালী করা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দুর্নীতিবিরোধী ও অনৈতিকতাবিরোধী অভিযানে, বাঙালি জাগরণের অভিযানে তাকে দল-মত নির্বিশেষে সকলকে সহযোগিতা করতে হবে।’