খাগড়াছড়ি শহরের টিএন্ডটি এলাকায় একটি সরকারি গাড়ির ধাক্কায় রোকসানা আকতার রাফি নামের ২০ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।
রবিবার সকাল ৯টার দিকে বিচারিক বিভাগের একটি গাড়ি মোড় ঘোরানোর সময় রাস্তায় খেলারত শিশুটির গায়ে ধাক্কা লাগে। সঙ্গে সঙ্গেই রক্তাক্ত হয়ে শিশুটি রাস্তায় লুটিয়ে পড়ে। এলাকার লোকজন শিশুটিকে কাছের জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের একজন ম্যাজিস্ট্রট ওই এলাকায় ভাড়া থাকেন। ঘনবসতিপূর্ণ এলাকা হওয়ায় বেশিরভাগ শিশুই রাস্তার ওপরই খেলাধুলা করেন। চালকের অসতর্কতার কারণেই শিশু রাফির মৃত্যু হয়েছে।
খোঁজ নিয়ে জানা গেছে, শিশুটির বাবা বাদল মিয়া মাস দুয়েক আগে বরিশাল থেকে ওই এলাকায় ভাড়া বাসা নেন। তিনি পেশায় একজন চটপটি বিক্রেতা।
খাগড়াছড়ি জেলা পুলিশের ডিআইআইও আব্দুস সামাদ মোড়ল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মর্মান্তিক এই দুর্ঘটনা গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হচ্ছে। তদন্তে চালকের অসতর্কতার প্রমাণ মিললে ব্যবস্থা নেওয়া হবে।