জাতীয় দলের ভারত সফরের প্রস্তুতির অংশ হিসেবে আজ সন্ধ্যায় মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে প্রথম টি-টোয়েন্টি ম্যাচ। আগামীকাল দ্বিতীয়টি। তামিম ইকবাল ও মোহাম্মদ সাইফউদ্দিনের ভারত সফর শেষ। ইমরুল কায়েসকে নিয়ে চলমান ক্যাম্পে খেলোয়াড় সংখ্যা ১৪। গতকাল শুরু জাতীয় লিগ থেকে তাই ৯ খেলোয়াড়কে ডেকে পাঠানো হয়েছে।
ডেকে পাঠানো ৯ খেলোয়াড় হলেন নাজমুল হোসেন শান্ত, সাব্বির রহমান, মোহাম্মদ মিঠুন, মেহেদী হাসান মিরাজ, নাঈম হাসান, ইয়াসির আলি রাব্বি, ইবাদত হোসেন, আবু হায়দার রনি ও নবীন রিশাদ হাসান। এর মধ্যে দ্বিতীয় একটি উদ্দেশ্য আছে। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছেন, জাতীয় দলের স্পিন বোলিং কোচ হিসেবে ক্যাম্পে প্রথমবার যোগ দেওয়া ড্যানিয়েল ভেট্টোরির সামনে ক্যাম্পের বাইরের আরও কয়েকজন স্পিনারকে উপস্থাপন করতে চান।
গতকাল বিকেলে বোর্ড সভাপতি এসেছিলেন মিরপুরে ক্যাম্প শুরু হওয়ার পর। প্রধান কোচ রাসেল ডমিঙ্গো, ভেট্টোরি, ফাস্ট বোলিং কোচ শার্ল ল্যাঙ্গাভেল্টসহ কোচিং স্টাফদের সঙ্গে বসেন। ভেট্টোরির সঙ্গে পরিচয়পর্ব সারলেন। ইনডোর স্টেডিয়ামে এই বৈঠকের পর ইনডোর ঘুরে দেখেন। খেলোয়াড়দের দাবি, ইনডোরের উন্নতি করতে হবে। সেজন্যও এই দেখা।
পাপন ভেট্টোরি ও স্পিনারদের এক জায়গায় আনার প্রসঙ্গ টেনে বলছিলেন, ‘ভেট্টোরির মতো কোচ এখানে এসেছেন কিন্তু আমাদের এই মুহূর্তে এখানে কোনো স্পিনার নেই। অথচ দল যাচ্ছে ভারতের মতো শক্তিশালী একটি দলের বিপক্ষে টি-টোয়েন্টি এবং টেস্ট খেলতে, সে তো দেখার সুযোগ পাচ্ছে না তাদেরকে।’ এখানে আরাফাত সানি ও আমিনুল ইসলাম বিপ্লবকে কেবল দেখতে পাচ্ছেন নিউজিল্যান্ডের কিংবদন্তি সাবেক স্পিনার ভেট্টোরি। তিনি এবার পাবেন অফস্পিনার মিরাজ, নাঈম ও টিনএজার লেগ স্পিনার রিশাদকে।
পাপন জানালেন, ‘টেস্টের জন্য যেহেতু আমাদের স্পিনার লাগবে তাদেরকেও যদি ভেট্টোরি একটু দেখতে পারতেন তাহলে আমার মনে হয় ভালো হতো।’