পাটশিল্প রক্ষায় রাষ্ট্রীয় সব প্রতিষ্ঠানে পাটপণ্য ব্যবহার নিশ্চিতসহ ৯ দফা দাবি জানিয়েছেন বাংলাদেশ পাটকল শ্রমিক লীগের নেতারা। গতকাল সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে তারা এ দাবি জানান।
এ সময় সংগঠনের সভাপতি মো. মাহবুবুল আলম তার লিখিত বক্তব্যে সরকার কতৃ©ক ঘোষিত জাতীয় মজুরি কমিশন ২০১৫-এর রোয়েদাদসহ ৯ দফা দাবি তুলে ধরেন।
পাটশিল্প রক্ষায় ৯ দাবির মধ্যে রয়েছে– রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোয় পাটপণ্যের ব্যবহার নিশ্চিত করতে হবে। সেই সঙ্গে শ্রমিক-কর্মচারীদের বেতন নিয়মিত পরিশোধের ব্যবস্থা করা, জাতীয় পাটশিল্প রক্ষায় সরকার ঘোষিত মজুরি কমিশনের দ্রুত কার্যকর, ২০১৩ সাল থেকে এ পর্যন্ত মিলের অবসরপ্রাপ্ত শ্রমিক-কর্মচারীদের গ্র্যাচুইটি ও প্রভিডেন্ড ফান্ডের সমুদয় বকেয়া পরিশোধ, পাটপণ্যকে কৃষিপণ্যের মতো সব সুযোগ-সুবিধা দেওয়ার ঘোষণা বাস্তবায়ন।
এছাড়া মিলের অনুমোদিত সেটআপ অনুযায়ী শূন্য পদে দৈনিকভিত্তিক কর্মচারীর চাকরি স্থায়ী করতে হবে। চাকরিরত অবস্থায় মৃত্যু হলে শ্রমিকদের শ্রম আইন অনুযায়ী ৩৬ মাসের মূল মজুরি সমান মৃত্যুবীমার অর্থ দিতে হবে।
অপেশাদার বা অদক্ষ পরিচালনা পর্ষদের অব্যবস্থাপনায় প্রায় ৬৭৩ কোটি টাকার পাট মজুদ রয়েছে। এসব পণ্য বিক্রির ব্যবস্থার দাবিও জানানো হয় সংবাদ সম্মেলনে।