২০১৯ সালের দাখিল পরীক্ষায় দেশের ৫৯ মাদ্রাসার কোনো শিক্ষার্থী পাস করেনি। এসব প্রতিষ্ঠানের এমপিও স্থগিত করার সুপারিশ করা হয়েছে। ১৭ অক্টোবর শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ থেকে মাদ্রাসা অধিদপ্তরে পাঠানো চিঠিতে এই সুপারিশ করা হয়। খুব শিগগির সুপারিশ কার্যকরে মাদ্রাসা অধিদপ্তর পদক্ষেপ নেবে বলে জানা গেছে। তবে যোগ্যতা পূরণ করলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের এমপিও ফিরিয়ে দেওয়ার কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি।
এমপিও স্থগিতের সুপারিশের ওই চিঠিতে বলা হয়, ২০১৯ সালের দাখিল পরীক্ষায় ৫৯ মাদ্রাসা থেকে কোনো শিক্ষার্থী উত্তীর্ণ না হওয়ায় মাদ্রাসাগুলোর এমপিও স্থগিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ করা হলো।
শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব (প্রশাসন ও উন্নয়ন) এ কে এম জাকির হোসেন ভূঞা বলেন, ‘মাদ্রাসাগুলোর এমপিও স্থগিতের নির্দেশ দেওয়া হয়েছে। আর নন-এমপিও মাদ্রাসাগুলোর স্বীকৃতি ও পাঠদান স্থগিতের বিষয়ে ব্যবস্থা নিতে বলা হয়েছে।’ তিনি আরও বলেন, ‘শূন্য পাস প্রতিষ্ঠানগুলোকে শোকজ করা হলেও অনেকে জবাব দাখিল করেনি। যাচাই-বাছাই করে এগুলো ছাড়াও চ‚ড়ান্তভাবে কিছু প্রতিষ্ঠানের এমপিও স্থগিত করা হবে।’
এ বিষয়ে মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক কায়সার আহমেদ বলেন, ‘মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী আমরা ব্যবস্থা নেব। দ্রুতই এ বিষয়ে চ‚ড়ান্ত সিদ্ধান্ত দেওয়া হবে।’ ২৩ অক্টোবর এক অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী দীপু মনি জানান, যোগ্য প্রতিষ্ঠান অযোগ্য হলেই তাদের এমপিও স্থগিত করা হবে। আবার তাদের এমপিও পাওয়ার জন্য যোগ্যতা প্রমাণ করতে হবে।
এদিকে, মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে ৫৯ মাদ্রাসার প্রধানকে কারণ দর্শানো নোটিস দেওয়া হলেও ৩৩ প্রতিষ্ঠানপ্রধান তাদের জবাব দিয়েছেন। বাকি ২৬ প্রতিষ্ঠানপ্রধান জবাব দেননি।
এমপিও স্থগিতের সুপারিশকৃত প্রতিষ্ঠান হলো গাজীপুরের শ্রীপুরের মরিচারচালা ইসলামিয়া দাখিল মাদ্রাসা, একই এলাকার বড়মা মহিলা দাখিল মাদ্রাসা, রংপুর সদরের মনিপুরহাট দাখিল মাদ্রাসা, দিনাজপুরের নবাবগঞ্জের শালটী মুরাদপুর দাখিল মাদ্রাসা, দিনাজপুরের পার্বতীপুরের নাজিয়া বেগম বালিকা দাখিল মাদ্রাসা, যশোরের কেশবপুরের মির্জাপুর মহিলা দাখিল মাদ্রাসা, যশোরের শর্শার কান্দার পাপুর দারুল ইসলাম মহিলা দাখিল মাদ্রাসা, চুয়াডাঙ্গার আলমডাঙ্গার বখশিপুর দাখিল মাদ্রাসা, একই এলাকার বাইশা দাখিল মাদ্রাসা, পঞ্চগড়ের দেবীগঞ্জের টোকরা বাসা ইসলামিয়া একরামিয়া দাখিল মাদ্রাসা, পটুয়াখালীর দশমিনার পূর্ব আলীপুরা ইসলামিয়া দাখিল মাদ্রাসা, একই এলাকার রামবল্লভ দাখিল মাদ্রাসা, সাতক্ষীরার তালার জালালপুর ইউনিয়ন আদর্শ দাখিল মাদ্রাসা, মানিকগঞ্জের হরিরামপুরের আন্ধারমানিক ইসলামিয়া দাখিল মাদ্রাসা, রংপুরের বদরগঞ্জের খিরানী তালতলা বিএম দাখিল মাদ্রাসা, রংপুর সদরের মহীগঞ্জ বীরভদ্র বালিকা দাখিল মাদ্রাসা, পাবনার ভাঙ্গুড়ার নূরনগর দাখিল মাদ্রাসা, পাবনার চাটমোহরের মহেলা মহিলা দাখিল মাদ্রাসা, নওগাঁর মান্দার এলেঙ্গা ইসলামিয়া দাখিল মাদ্রাসা, নওগাঁর পোরশার অনন্তপুর দাখিল মাদ্রাসা, নড়াইল সদরের আগদিয়া মধ্যপাড়া মহিলা দাখিল মাদ্রাসা, একই এলাকার আফরা দাখিল মাদ্রাসা, মুন্সীগঞ্জের টংগীবাড়ীর কাইচ মালদা ওয়াহেদ আলী হাওলাদার বালিকা দাখিল মাদ্রাসা, কুড়িগ্রামের ভূরুঙ্গামারীর দক্ষিণ ছোট গোপালপুর কেরামতিয়া দাখিল মাদ্রাসা, কুড়িগ্রামের ফুলবাড়ীর উত্তরকুটি চন্দ্রখানা বালিকা দাখিল মাদ্রাসা, সিরাজগঞ্জের রায়গঞ্জের বিএম ইসলামিয়া দাখিল মাদ্রাসা, জামালপুরের সরিষাবাড়ীর হিরনীয়াবাড়ি দারুস সুন্নাহ দাখিল মাদ্রাসা, জামালপুরের ইসলামপুরের শিমুলতলা জামিলা খাতুন আদর্শ মহিলা দাখিল মাদ্রাসা, ঠাকুরগাঁও সদরের সিন্দুরনা পাঁচপীর দাখিল মাদ্রাসা, বরিশালের উজিরপুরের লস্করপুর বরকতিয়া মহিলা দাখিল মাদ্রাসা, বরিশাল সদরের কাশিপুর এন এস আলিয়া মাদ্রাসা, দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় অবস্থিত মোর্তা মণ্ডল দাখিল মাদ্রাসা, ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার গেদুরা ইউনিয়ন কেন্দ্রীয় দাখিল মাদ্রাসা এবং রাণীশংকৈলে অবস্থিত চন্দনহাট আলহাজ ইমার উদ্দিন দাখিল মাদ্রাসা, ময়মনসিংহের ভালুকায় অবস্থিত পালগাঁও ডি এস দাখিল মাদ্রাসা, সিরাজগঞ্জের উল্লাপাড়ায় অবস্থিত দক্ষিণ পুষ্টিগাছা বনানী দাখিল মাদ্রাসা, রায়গঞ্জের ই ডি এন মহিলা দাখিল মাদ্রাসা, নিলফামারীর বেড়াকুঠিয়া বরুয়া দাখিল মাদ্রাসা এবং মুস্রাট গড়গ্রাম দাখিল মাদ্রাসা, নওগাঁর সাপাহারের দেওপাড়া সিংহপাড়া তেঁতুলিয়া দাখিল মাদ্রাসা, নিয়ামতপুরের টি এইচ বি ইসলামিয়া দাখিল মাদ্রাসা এবং রাউতারাবাদ মালঞ্চী ইসলামিয়া দাখিল মাদ্রাসা, আত্রাইয়ের পাইকপাড়া বিলবাড়ী ইসলামিয়া দাখিল মাদ্রাসা, বগুড়ার শিবগঞ্জের বেলাই সুন্নাহ উলুম দাখিল মাদ্রাসা, জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার পানাইল দাখিল মাদ্রাসা, পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার ছোট গাবুয়া মহিলা দাখিল মাদ্রাসা, কুড়িগ্রামের রাজিবপুরের রাজিবপুর বটতলা মহিলা দাখিল মাদ্রাসা, চাঁপাইনবাবগঞ্জের নাচোলের বাণীপুর দাখিল মাদ্রাসা, নাটোর জেলার লালপুরের ফযিলাতুনন্নেছা শিশু সনদ দাখিল মাদ্রাসা, ভাবনীপুর দাখিল মাদ্রাসা, বিলমারী দারুসসালাম দাখিল মাদ্রাসা, গুরুদাসপুরের পুরুলিয়া দারুল উলুম দাখিল মাদ্রাসা, জামালপুরের দেওয়ানগঞ্জের বেলুয়ারচর ইসলামিয়া দাখিল মাদ্রাসা, রংপুরের মিঠাপুকুর উপজেলার নানকার দাখিল মাদ্রাসা, খুলনার পাইকগাছা উপজেলার কাটিপাড়া দাখিল মাদ্রাসা, পাবনার ইশ্বরদীর সুলতানপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসা এবং শেরপুরের রৌহ দাখিল মাদ্রাসা। এর মধ্যে প্রথম ৩৩টি প্রতিষ্ঠান শোকজের জবাব দাখিল করেছে।