যৌন হয়রানির শিকার স্কুলছাত্রীর আত্মহত্যা

যৌন হয়রানির শিকার চুয়াডাঙ্গার আমিমা খাতুন ঐশী (১৩) নামে এক স্কুলছাত্রী বিষপানে আত্মহত্যা করেছে বলে পরিবার দাবি করেছে। গত শনিবার রাতে স্থানীয় এক বখাটে বাড়িতে ঢেকে তাকে যৌন হয়রানি করে। এরপর ওই ছাত্রী বিষপান করলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে গত রবিবার চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ ঘটনায় রবিবার রাতে চুয়াডাঙ্গা সদর থানায় একটি মামলা হয়েছে। পুলিশ রাতেই ফরহাদ হোসেন নামে এক বখাটেকে গ্রেপ্তার করেছে। গতকাল তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। পুলিশ জানায়, চুয়াডাঙ্গা শহরের আরামপাড়ার এলাকায় দুলাভাই মুজাহিদুল ইসলাম জোয়ার্দ্দারের বাড়িতে ৬ বছর ধরে ঐশী থাকত। গত শনিবার সন্ধ্যায় বাড়িতে কেউ না থাকার সুযোগে পাশের দোকান কর্মচারী ফরহাদ বাড়িতে ঢেকে তাকে ধর্ষণের চেষ্টা করে। এ সময় ওই শিক্ষার্থীর চিৎকারে স্থানীয় এক নাইটগার্ড এলে বখাটে ফরহাদ পালিয়ে যায়।

ছাত্রীর দুলাভাই মুজাহিদুল ইসলামের বরাত দিয়ে চুয়াডাঙ্গা সদর থানার ওসি আবু জিহাদ জানান, যৌন হয়রানির রাতেই ঐশী বিষপান করে। প্রথমে তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল ও পরে রাজশাহী মেডিকেলে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রবিবার সকালে তার মৃত্যু হয়।

চুয়াডাঙ্গা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. কলিমুল্লাহ জানান, এ ঘটনায় মামলার পর আসামি ফরহাদকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে।

বিরামপুরে কলেজছাত্রীকে ধর্ষণ : দিনাজপুরের বিরামপুরে কাটলা ইউনিয়নের শৈলান গ্রামে বিয়ের প্রলোভন দেখিয়ে এক কলেজছাত্রীকে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। আতাউর রহমান ওরফে সাদ্দাম (২৫) নামে এক যুবক নিজের বিয়ের পরিচয় গোপন রেখে কলেজছাত্রীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। গত রবিবার বিয়ের দাবিতে আতাউরের বাড়িতে গেলে পরিবারের লোকজন নির্যাতন করে ওই ছাত্রীকে বাড়ি থেকে বের করে দেয়।

এ ঘটনায় ওই ছাত্রী গতকাল সোমবার আতাউর ও তার স্ত্রীসহ পাঁচজনের নামে থানায় মামলা করে। পুলিশ মাসুম রানা নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে।

বিরামপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. মতিয়ার রহমান জানান, ২৬ অক্টোবর আতাউর ওই ছাত্রীকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে বিরামপুর পৌর শহরের আদর্শপাড়ার এক নিকটাত্মীয়র বাড়িতে নিয়ে ধর্ষণ করে। পরে ওই ছাত্রী বিয়ের দাবি করলে আতাউর শটকে পড়ে।

বিরামপুর থানার ওসি মনিরুজ্জামান জানান, ধর্ষিতার ডাক্তারি পরীক্ষার জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

সুবর্ণচরে কিশোরী ধর্ষণ : সুবর্ণচরের ছমির হাট এলাকায় সপ্তম শ্রেণির ছাত্রীকে (১৫)  বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।  এ ঘটনায় কামাল উদ্দিন নামে একজনকে আসামি করে থানায় মামলা হয়েছে। এরপর থেকে আসামি পলাতক রয়েছে।

মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার : দেবীদ্বার উপজেলার জাফরগঞ্জ নূরানী তালিমুল কোরআন হাফিজিয়া মাদ্রাসার শিক্ষক মাওলানা মো. জিসানকে (২২) মাদ্রাসার ছাত্রদের যৌন হয়রানির অভিযোগে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার দুপুরে তাকে কুমিল্লা কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে। আটক জিসান চাঁদপুর উত্তর মতলব উপজেলার আছলছিলা গ্রামের মো. ফজলুল করিমের পুত্র।

রবিবার রাতে বলাৎকারের শিকার এক ছাত্রের বাবা ওই ঘটনায় দেবীদ্বার থানায় একটি মামলা করেন।  পুলিশ অভিযুক্ত জাফরগঞ্জ নূরানী তালিমুল কোরআন হাফিজিয়া মাদ্রাসার শিক্ষক জিসানকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। অভিযুক্ত জিসান একাধিক শিক্ষার্থীর সঙ্গে অনৈতিক কাজে লিপ্ত হওয়ার সত্যতা স্বীকার করেছে বলে পুলিশ জানিয়েছে।

পোশাককর্মী ধর্ষণের শিকার : পটুয়াখালীর আউলিয়াপুরে এক কিশোরী পোশাককর্মীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। ধর্ষণের পর সেই দৃশ্য মোবাইল ফোনে ধারণ করা হয়েছে বলেও অভিযোগ ওই কিশোরীর। ধর্ষণের শিকার কিশোরীকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ডাক্তারি পরীক্ষার জন্য ভর্তি করা হয়েছে। থানায় মামলা হয়েছে।

পটুয়াখালী সদর থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান জানান, খবর পাওয়ার পরপরই ধর্ষকদের আটকের বিষয়ে পুলিশ অভিযান চালায়। এ সময় অভিযুক্তদের পালিয়ে যেতে সহায়তা করার অপরাধে দুজনকে আটক করেছে পুলিশ।

শ্রীপুরে শিশুশ্রেণির ছাত্রী ধর্ষণের শিকার : গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের ডালেশ্বর গ্রামের তৃতীয় শ্রেণির (৯) এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় আরিফ হোসেন (১৮) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। আরিফ উপজেলার স্থানীয় ডালেশ্বর গ্রামের দুদু মিয়ার ছেলে।

শ্রীপুর থানার ওসি লিয়াকত আলী জানান, ধর্ষণের ঘটনায় আরিফকে অভিযুক্ত করে গতকাল সোমবার শিশুটির মা থানায় একটি লিখিত অভিযোগ করেছেন। প্রাথমিক তথ্যের ভিত্তিতে আরিফকে গ্রেপ্তার করা হয়েছে। শিশুটিকে স্বাস্থ্য পরীক্ষার জন্য আজ মঙ্গলবার শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে।