চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে তিন যুবক নিহত হয়েছেন।
সোমবার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার কুমিরা ইউনিয়নের কুমিরা বাইপাস সড়কের বড় কুমিরা সেতু এলাকায় এ ‘বন্দুকযুদ্ধ’ ঘটে।
র্যাবের দাবি, নিহত তিনজনই আন্তঃজেলা ডাকাত দলের সদস্য। রাতে র্যাবের টহল দলের সঙ্গে তাদের গোলাগুলির ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থল থেকে দুটি পিস্তল, ১২টি গুলি ও বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র জব্দ করে র্যাব।
র্যাব-৭ জানায়, তাদের একটি টহল দল চট্টগ্রাম থেকে সীতাকুণ্ডের দিকে যাচ্ছিল। বড় কুমিরাখাল এলাকায় পৌঁছালে একদল ডাকাত র্যাবের গাড়িটি ডাকাতির চেষ্টা করে। এ সময় দুই পক্ষের মধ্যে গোলাগুলি হয়।
পরে সেখানে তিনজনকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখেন তারা। পুলিশকে খবর দেওয়ার পর পুলিশ গিয়ে তিনজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
সীতাকুণ্ড থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ রফিকুল বলেন, র্যাবের কাছ থেকে খবর পেয়ে রাত ৩টার দিকে মহাসড়কের ওপর থেকে একজন, মহাসড়কের ১০ ফুট নিচে খালের পাড় থেকে একজন এবং খাল পেরিয়ে অন্য পাড় থেকে আরেকজনকে উদ্ধার করেন। যুবকদের বয়স ২৫ থেকে ৩০ বছরের মধ্যে।
এসআই মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন, লাশ তিনটির সুরতহাল প্রতিবেদন তৈরি করে সকালে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।