নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে নারী পাচারকারী চক্রের এক নারী সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার গভীর রাতে জালকুড়ি উত্তরপাড়া এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
এসময় পাচার করার উদ্দেশ্যে তার ভাড়া করা ফ্ল্যাট বাসায় আটক করে রাখা তিন নারীকে উদ্ধার করা হয়েছে বলে জানায় সিদ্ধিরগঞ্জ থানার ওসি কামরুল ফারুক।
গ্রেপ্তার নারীর নাম জেবা (৪৫)। তিনি ঢাকা কদমতলি থানার মুরাদপুর মাদ্রসারোড এলাকার ফারুক হোসেনের স্ত্রী।
এ ঘটনায় উদ্ধার করা এক নারীর বড় বোন বাদী হয়ে গ্রেপ্তার জেবাকে প্রধান করে তিন জনের নাম উল্লেখ ও ৪ জনকে অজ্ঞাত আসামি করে সিদ্ধিরগঞ্জ থানায় মামলা করেছে।
মামলার অপর আসামিরা হলো- ঢাকার পুরোনো পল্টনের নিরুপম ইন্টারন্যাশনাল ট্রাভেলস কোম্পানির ম্যানেজার মুরাদ (৫৪) ও সহযোগী শাহাদত (৫৩)।
মামলার বাদী জানায়, মুন্সিগঞ্জ জেলার টঙ্গিবাড়ী থানার হাসাইল বানারি ইউনিয়নের আবদুল সাত্তারের ভাড়া বাড়ি থেকে গত ১৮ আগস্ট বিকেলে তার বোন নিখোঁজ হয়।
সিদ্ধিরগঞ্জ থানার ওসি কামরুল ফারুক জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গ্রেপ্তার জেবা নিরুপম ইন্টারন্যাশনাল ট্রাভেলস কোম্পানির হয়ে কাজ করে। তাদের একটি সঙ্গবদ্ধ চক্র রয়েছে। চক্রটি দেশের বিভিন্ন এলাকা থেকে অসহায় গরিব পরিবারের নারীদের ফুসলিয়ে লোভনীয় বেতনে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে নিয়ে আসে। তাদের জেবার ভাড়া বাসায় আটক রেখে সময় সুযোগমতো বিদেশে পাচার করে দেয়। আরো তথ্য জানার জন্য জেবাকে রিমান্ড আবেদন করে আদালতে পাঠানো হয়েছে। মামলার অপর আসামিদের গ্রেপ্তার করার চেষ্টা চলছে।