বগুড়ায় ছুরি মেরে যুবককে হত্যা

বাড়ি থেকে ডেকে নিয়ে উজ্জ্বল হোসেন আকন্দ (২৫) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। গত সোমবার রাতে বগুড়ার শহরতলির পালশা তালপুকুর এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ বলছে, মাদক সেবন নিয়ে বাগ্‌বিতণ্ডার জেরে সহযোগীরা তাকে খুন করেছে।

স্বজনদের উদ্ধত করে বগুড়া সদর থানার পরিদর্শক রেজাউল করিম জানান, সোমবার রাত সাড়ে ১০টার দিকে কয়েকজন বন্ধু উজ্জ্বলকে বাড়ি থেকে ডেকে নিয়ে পালশা তালপুকুর এলাকায় যায়। সেখানে মাদক সেবন নিয়ে তাদের মধ্যে বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে তারা তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। স্থানীয়রা বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নিয়ে গেলে রাত ১২টার দিকে উজ্জ্বল মারা যায়। ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য উজ্জ্বলের এক বন্ধুকে আটক করা হয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।