জনপ্রিয় সংগীতশিল্পী দিলশাদ নাহার কনা। এ বছরই বিয়ের পিঁড়িতে বসেছেন। তবে গান থেকে বিরতি নেননি একদিনও। নিয়মিত স্টেজ শো, নতুন গানের রেকর্ডিং নিয়ে ব্যস্ত।সমসাময়িক বিষয়ে কথা বলেছেন তিনি
ফুয়াদের সঙ্গে কনসার্ট...
গত ২৬ অক্টোবর ছিল আমার জন্য একটি বিশেষ দিন। দীর্ঘদিন পর ওই সন্ধ্যায় গায়ক ও কম্পোজার ফুয়াদ আল মুক্তাদির ঢাকায় কনসার্ট করেছেন। আর এ কনসার্টে আমিও গেয়েছি। সবচেয়ে ভালোলাগার বিষয় ছিল, দর্শক হিসেবে প্রাণভরে এ কনসার্টটি উপভোগ করেছি। কারণ, ফুয়াদ ভাইয়ের কনসার্ট মানেই অন্যরকম কিছু। তিনি এমনভাবে সব পরিবেশনা নিয়ে হাজির হয়েছিলেন যে, দর্শক মুগ্ধ হতে বাধ্য। আমার প্রিয় কম্পোজারদের একজন ফুয়াদ ভাই। তার সুর ও সংগীতে আমার বেশ কিছু গান শ্রোতারা অনেক পছন্দ করেছেন। ফুয়াদ ভাই সুস্থ হয়ে এখন গান করছেন। এর চেয়ে ভালো খবর আর কী হতে পারে। আমি আশা করব ফুয়াদ ভাই আবার গানে নিয়মিত হবেন। তার সুর ও সংগীতে আমি সামনেও গান গাইতে চাই।
এখনকার ব্যস্ততা...
শীত আসি আসি করছে। এখন শো ধীরে ধীরে বাড়ছে। সামনে টানা শো নিয়ে সময়টা কাটবে। তাছাড়া বেশ কিছু সিনেমা ও অডিও গানের কাজও করেছি এর মধ্যে। আর নিয়মিত জিঙ্গেল গাওয়া ও বিজ্ঞাপনে কণ্ঠ দেওয়ার কাজও চলছে।
নতুন গান...
নতুন গান কিছু করা আছে। আবার কিছু করছি। নিজ উদ্যোগেও একটি কাজ করছি। সেটা ভালোভাবে সামনে ভিডিওসহ প্রকাশ করব বলে ঠিক করেছি।
চলচ্চিত্রের গান...
চলচ্চিত্রের গানেই আমি বেশি স্বাচ্ছন্দ্য অনুভব করি। গত কয়েক বছরে আমার গাওয়া অনেক গানই পছন্দ করেছেন দর্শক-শ্রোতারা। তারই ধারাবাহিকতায় সাম্প্রতিক সময়ে কয়েকটি ছবির গানে কণ্ঠ দিয়েছি। সামনেও কিছু গান হওয়ার কথা রয়েছে। ব্যাটে-বলে মিললে করে ফেলব।
আশাবাদী...
এখন সংগীতাঙ্গনের অবস্থা বেশ ভালো। কোম্পানিগুলো ভালো গানে বিনিয়োগ করছে। পৃষ্ঠপোষকতা বাড়ছে। ডিজিটালি গান প্রকাশ হচ্ছে। যে কেউ ইউটিউবে গান প্রকাশ করতে পারছেন। এর নেতিবাচক ও ইতিবাচক দুই দিকই আছে। তবে ইতিবাচক দিকটাকে গ্রহণ করেই এগিয়ে যেতে হবে। কারণ, আমরা গানপাগল জাতি। শত ব্যস্ততার মাঝেও গান শুনি। তাই আমার মতে, ভালো গানের সংখ্যা আরও বাড়া উচিত। ভালো গান মানুষ যত শুনবে তত অভ্যস্ত হবে সে ধরনের গানে। শ্রোতাদের ভালো গানের ব্যাপারে যেমন সচেতন হতে হবে, তেমনি শিল্পীদেরও উচিত বিষয়টি মাথায় রাখা। আর সে অনুযায়ী গান প্রকাশ করা। মিউজিক ইন্ডাস্ট্রি নিয়ে আমি আশাবাদী। আমার বিশ্বাস ইন্ডাস্ট্রি সামনে আরও ভালো দিকে যাবে।
বিয়ের পর নতুন জীবন...
নতুন জীবন খুব ভালো কাটছে। আমার স্বামী গহীন ভালো মনের একজন মানুষ। খুব টেককেয়ার করে আমার। আমরা একে অপরকে অনেক বুঝি। যেটা আসলে খুব দরকার।