আনন্দ শিপইয়ার্ডের ১০ লাখ কেজি পাইপ নিলামে

জাহাজ নির্মাণকারী প্রতিষ্ঠান আনন্দ শিপইয়ার্ডের আমদানি করা প্লাস্টিক ও লোহার পাইপ নিলামে তুলেছে কাস্টমস কর্তৃপক্ষ। আজ বুধবার বেলা আড়াইটায় ঢাকা ও চট্টগ্রামের তিনটি স্থানে নিলামে অংশ নিতে পারবেন যে কেউ। আনন্দ শিপইয়ার্ডের যে পাইপ নিলামে তোলা হয়েছে সেগুলো আমদানি করা হয়েছে ২০১৪ সালে। এই চালানটিতে ১৫০ কনটেইনারে ১০ লাখ ৩৭ হাজার কেজি পাইপ রয়েছে। সে সময় চালানটি খালাস না নেওয়ায় দীর্ঘদিন বন্দরে পড়েছিল। প্রায় পাঁচ বছরের মাথায় সব কনটেইনার খুলে যাচাই-বাছাই করে নিলামে তোলে কাস্টমস। এর আগে এক দফায় নিলামে তোলা হলেও কেউ দর দেয়নি। মেঘনাঘাটে অবস্থিত আনন্দ শিপইয়ার্ড সূত্রে জানা গেছে, ২০১৪ সালে পানি উন্নয়ন বোর্ডের ড্রেজার নির্মাণের একটি আন্তর্জাতিক দরপত্রে অংশ নিয়ে যোগ্য দরদাতা হয় প্রতিষ্ঠানটি। ওই দরপত্রে আনুষঙ্গিক যন্ত্রপাতিসহ চারটি ২৬ ইঞ্চি ড্রেজার নির্মাণের কার্যাদেশ ছিল। মোট ৩৬৪ কোটি টাকার ওই চারটি ড্রেজারের জন্য আনুষঙ্গিক উপাদান হিসেবে এই পাইপ আনা হয়েছিল। নিলামের তালিকায় ১৫০ কনটেইনারের মধ্যে প্রায় দুই হাজারটি ইস্পাত ও এইচডিপিই (উচ্চ ঘনত্বের পলিথিলিন) পাইপ রয়েছে। ২০ থেকে ৪০ ফুট লম্বা এসব পাইপের আকার ২৫ দশমিক ৫ ইঞ্চি। পুরু ১ ইঞ্চি।