পালাচ্ছেন হলিউড তারকারা

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস শহরে দ্রুত ছড়িয়ে পড়েছে দাবানল। গত সোমবার মধ্যরাতে সৃষ্ট দাবানলে শহরটির অভিজাত এলাকা ব্রেন্টউডের অন্তত পাঁচটি বিলাসবহুল বাড়ি সম্পূর্ণ পুড়ে গেছে বলে জানিয়েছে রয়টার্স। বাড়ি পুড়ে যাওয়ায় ওই এলাকায় বসবাসকারী হলিউডের কয়েকজন বিখ্যাত তারকা বাড়ি ছেড়ে পালাতে বাধ্য হন।

দাবানলের কারণে ইতিমধ্যেই শহরটির বেশ কয়েকটি আবাসিক এলাকার কয়েক হাজার বাসিন্দা পালিয়েছেন। প্রায় ৫০০ একর এলাকায় আগুন ছড়িয়ে পড়ার কারণে শহরটির বিখ্যাত গেটি সেন্টারে সোমবার স্থানীয় সময় রাত ১টা ৩০ মিনিটে আগুন লেগে যায়।

‘টার্মিনেটর’ তারকা ও ক্যালিফোর্নিয়ার সাবেক গভর্নর আরনল্ড শোয়ার্জনেগার, লস এঞ্জেলেস লেকার্সের বাস্কেটবল তারকা লেবর্ন জেমস, অভিনেতা ক্লার্ক গ্রেইগ ও ‘সন্স অব অ্যানার্কি’র নির্মাতা কার্ট সাটার নিজ বাড়ি ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন। এক টুইটবার্তায় লেবর্ন জেমস জানান, ভোররাতে তিনি, তার স্ত্রী ও তিন সন্তান বাড়ি ছেড়ে পালানোর পর একটি আশ্রয়ের খোঁজে কয়েক ঘণ্টা গাড়িতে করে ঘুরে বেড়িয়েছিলেন। এরপর একপর্যায়ে তিনি আশ্রয় খুঁজে পান।

রয়টার্সের প্রতিবেদন অনুসারে জেমস ২০১৭ সালে ২ কোটি ৩০ লাখ ডলার ব্যয়ে ব্রেন্টউডে আট বেডরুমের একটি বাড়ি কিনেছিলেন। ব্রেন্টউডের উত্তরাংশে বেশ কয়েকটি মাল্টিমিলিয়ন ডলারের বাড়ির একটি এলাকা পুড়ে ছাই হয়ে গেছে।

টুইটারে অভিনেতা শোয়ার্জনেগার বলেছেন, ‘যে এলাকাগুলো ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে আপনি যদি সেখানে থাকেন তো অপেক্ষা করবেন না, বের হয়ে আসুন।’ হেলিকপ্টার ও এয়ারপ্লেন ট্যাঙ্কার থেকে ওই এলাকায় পানি ফেলা হচ্ছে। ঘন কালো ধোঁয়া ও ছাই কোটিপতিদের ওই আবাসিক এলাকার বাতাসে ভেসে বেড়াচ্ছে।

ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে দাবানল অবস্থার অবনতি হয়েছে। সোমবার থেকে বাতাসের গতি বেড়ে যাওয়া এবং শুষ্ক আবহাওয়ার কারণে আগুন দ্রুতবেগে ছড়িয়ে পড়ছে। এখনো আগুনে পুড়ছে রাজ্যের সাতটি শহর। ঝুঁকি এড়াতে নতুন করে বেশ কয়েকটি এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্যের বিদ্যুৎ বিভাগ। এতে অন্তত ১৫ লাখ মানুষ বিদ্যুৎ সুবিধাবঞ্চিত হতে যাচ্ছে। দাবানলের কারণে ওই অঞ্চলের ১ লাখ ৮০ হাজার বাসিন্দাকে ঘরবাড়ি ছেড়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।