চট্টগ্রামের বাঁশখালীতে কোকদণ্ডী ইউনিয়ন ভূমি অফিসে দুদকের অভিযানে টাকাসহ ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা নুরুল আলম ছিদ্দিকীকে আটক করেছে দুদক চট্টগ্রাম-এর একটি দল।
বুধবার বিকালে দুদক চট্টগ্রাম-এর পরিচালক মাহমুদ হাসান এবং উপ-পরিচালক লুৎফর কবির চন্দনের নেতৃত্বে একটি দল কোকদণ্ডী ইউনিয়ন ভূমি অফিসে অভিযান পরিচালনা করে। এ সময় ঘুষ গ্রহণকালে ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা নুরুল আলম ছিদ্দিকীকে ১৫ হাজার টাকাসহ আটক করে । পরে তার দেহ তল্লাশি করে আরও টাকা পাওয়া যায় বলে স্থানীয় সূত্রে জানা যায়।
বাঁশখালী সহকারী কমিশনার (ভূমি) আল বশিরুল ইসলাম রাজীব বলেন, ‘আমি কোকদণ্ডী ইউনিয়ন ভূমি অফিসে দুদকের অভিযানে ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা নুরুল আলম ছিদ্দিকীকে আটকের খবর শুনেছি তবে বিস্তারিত জানি না।’ দুদক চট্টগ্রাম-এর উপ-পরিচালক লুৎফর কবির চন্দন নুরুল আলম ছিদ্দিকীকে আটক করার বিষয়টি নিশ্চিত করেছেন।