বিশ্ববরেণ্য ক্রিকেট অল রাউন্ডার মাগুরার কৃতি সন্তান সাকিব আল হাসানকে আইসিসির দেওয়া এক বছরের নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে তার নিজ জেলা মাগুরায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল হয়েছে।
বুধবার সকালে সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের সামনে মাগুরাবাসী ও স্থানীয় খেলোয়াড়দের ব্যানারে এই কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেন।
মানববন্ধন থেকে এই শাস্তি অবিলম্বে প্রত্যাহারের দাবি জানানো হয়। এই সময় বিক্ষোভকারীরা ‘নো সাকিব, নো ক্রিকেট’, ‘নিষেধাজ্ঞা মানি না’ মানব না বলে স্লোগান দেন।
ইয়াং স্টার একাডেমির পরিচালক ক্রীড়াসংগঠক বাকির আনজাম বারকি জানান, সাকিব ১বছর ক্রিকেট থেকে সরে থাকা বাংলাদেশে ক্রিকেটের জন্য বড় বিপর্যয়। তার এ দণ্ড আমরা মাগুরাবাসী মেনে নিতে পারছি না।
সাবেক জাতীয় ফুটবল দলের খেলোয়াড় মেহেদি হাসান উজ্জ্বল জানান, ঘটনাটি শোনার পর আমি খুবই মর্মাহত হয়েছি। শুধু তার নিজ জেলা মাগুরা নয়, সারা দেশ আজ সাকিবের জন্য কাঁদছে।
ক্রীড়া ধারাভাষ্যকার প্রদ্যুৎ কুমার রায় বলেন, ‘ঘটনাটি শোনার পর আমি খুবই মর্মাহত হয়েছি। সাকিব সরে থাকলে বাংলাদেশ দলের অনেক বড় ক্ষতি হবে, যা অপূরণীয়। তাই আমরা চাই সাকিবের সাজা প্রত্যাহার করে তাকে আবার মাঠে ফিরিয়ে আনা হোক।’
সাকিবের প্রথম কোচ সাদ্দাম হোসেন গোর্কি বলেন, ‘সাকিবের নিষেধাজ্ঞার সংবাদ জেনে মানসিকভাবে খুব কষ্ট পেয়েছি। সাকিব ষড়যন্ত্রের শিকার। আইসিসির কাছে এটি প্রত্যাহারের আবেদন জানাচ্ছি।’