সোনারগাঁয়ে একই পরিবারের ৫ জনকে পিটিয়ে আহত

জমি সংক্রান্ত বিরোধের জের ধরে সোনারগাঁ উপজেলার সনমান্দী ইউনিয়নের পাঁচআনি গ্রামে একই পরিবারের পাঁচজনকে পিটিয়ে ও কুপিয়ে আহত করেছে প্রতিপক্ষ। বুধবার দুপুরে এ ঘটনা ঘটে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, উপজেলার সনমান্দী ইউনিয়নের পাঁচআনি গ্রামের আবদুল লতিফের সঙ্গে তার প্রতিবেশী আলাউদ্দিনের দীর্ঘদিন ধরে বাড়ির সীমানা নিয়ে বিরোধ চলে আসছিল। দুপুরে দুপক্ষের বাড়ির সীমানা নির্ধারণ করার জন্য একজন সার্ভেয়ার ডেকে আনলেও আবদুল লতিফ ও আলাউদ্দিনের মধ্যে সীমানা নিয়ে কথা কাটাকাটি শুরু হয়।

একপর্যায়ে আলাউদ্দিনের নেতৃত্বে নুর মোহাম্মদ, রিপন, শাহ জালাল, শাকিল, জহিরুলসহ ৭-৮ জনের একটি দল দেশি অস্ত্র নিয়ে হামলা চালিয়ে লতিফ মিয়ার পরিবারের আবদুস সালাম, নবীন হোসেন, হালিমা আক্তার ও হাফেজা বেগমকে পিটিয়ে ও কুপিয়ে আহত করে। আহতদের সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এদিকে ঘটনার ব্যাপারে আলাউদ্দিন বলেন, কোনো হামলার ঘটনা ঘটেনি। সামান্য হাতাহাতি হয়েছে।

সোনারগাঁ থানার ওসি মনিরুজ্জামান লিখিত অভিযোগ পাওয়ার সত্যতা স্বীকার করে জানান, ঘটনা তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।