সাভারে ট্রাকচাপায় মোটরসাইকেল চালক এক স্কুলছাত্র নিহত হয়েছে। গতকাল বুধবার সকালে বাইপাইল-আব্দুল্লাহপুর সড়কের সরকার মার্কেট এলাকায় এ সড়ক দুর্ঘটনা ঘটে।
নিহত স্কুলছাত্রের নাম জয় হোসেন (১৪)। জয় সাভারের আশুলিয়া থানার শিমুলিয়া ইউনিয়নের কোনাপাড়া এলাকার আব্দুর রশিদের ছেলে। সে স্থানীয় ইকরা প্রি-ক্যাডেট অ্যান্ড স্কুলের দশম শ্রেণির ছাত্র ছিল বলে জানিয়েছে পুলিশ।
থানা পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বুধবার সকালে স্কুলছাত্র জয় হোসেন কোনাপাড়া এলাকার নিজ বাড়ি থেকে মোটরাসাইকেলযোগে বাইপাইল-আব্দুল্লাহপুর সড়ক দিয়ে আশুলিয়া যাওয়ার পথে সরকার মার্কেট এলাকায় পেছন থেকে আসা বেপরোয়া গতির বাস প্রথমে তাকে চাপা দেয়। পরে পেছন থেকে আসা অপর একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। আশুলিয়া থানার এসআই একরামুল হক জানান, ট্রাক ও বাস জব্দ করার চেষ্টা চলছে। অন্যদিকে, চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় বালিভর্তি ট্রাক্টর উল্টে আব্দুল মালেক (৫৫) নামে এক ইটভাটা শ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছেন ট্রাক্টর চালক শামুন হোসেন। গতকাল বুধবার দুপুরে উপজেলার কয়রাডাঙ্গা-খাদিমপুর মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল মালেক ভালাইপুর এলাকার মৃত আবদার মল্লিকের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুরে আলমডাঙ্গা উপজেলার কয়রাডাঙ্গা গ্রামের কেডিবি ব্রিকসের একটি ট্রাক্টর বালিভর্তি করে ইটভাটার দিকে যাচ্ছিল। এসময় ট্রাক্টর চালক নিয়ন্ত্রণ হারিয়ে পাশের একটি পুকুরে উল্টে পড়ে যান। এতে ট্রাক্টরের ওপরে থাকা ইটভাটা শ্রমিক মালেক ট্রাক্টরের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান।