বড় বিনিয়োগে আগ্রহী কাতার

বাংলাদেশে বিদ্যুৎ, জ্বালানি খাতসহ তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) টার্মিনাল নির্মাণে কাতার আগ্রহী বলে জানিয়েছেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। তিনি বলেন, কাতার সরকার বিশেষ করে জ¦ালানি খাতে বিনিয়োগ করতে চায়। পায়রা ও মাতারবাড়ীতে এলএনজিভিত্তিক বিদ্যুৎকেন্দ্র এবং টার্মিনাল করার বিষয়টিও রাখার অনুরোধ করেছে।

গতকাল বুধবার সচিবালয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ে কাতারের জ্বালানিবিষয়ক প্রতিমন্ত্রী সাদ সারিদা আল কাবির সঙ্গে বৈঠক শেষে এ কথা বলেন নসরুল হামিদ। সাদ সারিদা আল কাবিরের নেতৃত্বে ৮ সদস্যের প্রতিনিধিদল এ সময় উপস্থিত ছিল।

প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, বাংলাদেশে জ্বালানি খাতে বড় বিনিয়োগ করতে চায় কাতার। দেশটির সঙ্গে এলএনজি সরবরাহে স্বাক্ষর হওয়া সমঝোতা স্মারকে আরও বিষয় যুক্ত করতে চায় তারা। এর মধ্যে রয়েছে পায়রা ল্যান্ডবেইজ এলএনজি এবং বিদ্যুৎকেন্দ্র ও মাতারবাড়ীতে বিদ্যুৎকেন্দ্র নির্মাণ অন্তর্ভুক্তিকরণ। তিনি বলেন, দু’দেশের জ্বালানি খাত নিয়ে আলোচনা হয়েছে। কাতারের জ্বালানি প্রতিমন্ত্রীর বাংলাদেশে এটাই প্রথম সফর। তারা আমাদের দেশে গ্যাস সরবরাহ করবে। তা আরও নিরবচ্ছিন্নভাবে সরবরাহে সহযোগিতা করার আগ্রহ দেখিয়েছে।

প্রতিমন্ত্রী বলেন, কাতারের সঙ্গে জ্বালানি খাতে দীর্ঘমেয়াদি অনেক চুক্তি রয়েছে। যেসব চুক্তির মেয়াদ শেষ হতে যাচ্ছে, তা আরও বাড়াতে চায় দেশটি।

তিনি আরও বলেন, মাতারবাড়ীতে এলএনজি টার্মিনাল নির্মাণে টেন্ডার করা হয়েছে।  সেখানেও কাতার দরপত্র জমা দিয়েছে। সে বিষয়েও কথা হয়েছে। তারা এলএনজিভিত্তিক পাওয়ার প্ল্যান্ট এবং এলএনজি সরবরাহসহ পুরো প্যাকেজে বিনিয়োগ করতে চায়। কাতারসহ মোট ১২টি দরপত্র মাতারবাড়ী এলএনজি টার্মিনাল নির্মাণে জমা পড়েছে। তাদের মধ্য থেকে বাছাই করে পরের পদক্ষেপ নেওয়া হয়েছে বলেও উল্লেখ করেন প্রতিমন্ত্রী।