৩০ পৌরসভায় পানি সরবরাহ নিশ্চিত, স্যানিটেশন ও ড্রেনেজ ব্যবস্থাপনা উন্নয়নে বাংলাদেশকে ১০ কোটি ডলার ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৮৪৪ কোটি টাকা। গতকাল বুধবার বিশ্বব্যাংকের সঙ্গে এ সংক্রান্ত চুক্তি করেছে সরকার।
রাজধানীর শেরবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব মনোয়ার আহমেদ এবং বিশ্বব্যাংকের বাংলাদেশ ও ভুটানের কান্ট্রি ডিরেক্টর মার্সি টেম্বন চুক্তিতে স্বাক্ষর করেন।
বাংলাদেশকে ৩০ বছরে এই ঋণ শোধ করতে হবে। পাঁচ বছরের গ্রেস (সুদহীন) দিয়ে শূন্য দশমিক ৭৫ শতাংশ সার্ভিস চার্জ এবং ১ দশমিক ২৫ শতাংশ সুদে এই টাকা দিতে হবে। প্রকল্পের আওতায় এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংকের (এআইআইবি) কাছ থেকেও ১০ কোটি ডলার ঋণ নিয়েছে বাংলাদেশ। এছাড়া এতে ৯৫ লাখ ৩০ হাজার ডলার বিনিয়োগ করছে সরকার।
নির্বাচিত এই ৩০ পৌরসভার অধিবাসীর কাছে পাইপের মাধ্যমে নিরাপদে পানি পৌঁছে দেওয়া হবে, যার ব্যবস্থা বর্তমানে নেই। সেই সঙ্গে পানি সংরক্ষণ, সরবরাহ, বাসাবাড়িতে সংযোগ দেওয়াসহ মিটারের ব্যবস্থা করা হবে। পাবলিক টয়লেট নির্মাণ ছাড়াও অতি দরিদ্র ও বস্তিবাসীর পয়ঃব্যবস্থার উন্নয়ন করা হবে।