প্রধানমন্ত্রীকে হুমকির মামলায় বিএনপি নেতা গিয়াসের কারাদণ্ড

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রকাশ্যে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে করা মামলায় বিএনপির ভাইস চেয়ারম্যান গিয়াসউদ্দিন কাদের চৌধুরীকে তিন বছরের কারাদণ্ড দিয়েছে চট্টগ্রামের একটি আদালত। গতকাল বুধবার জেলার জ্যেষ্ঠ বিচারিক হাকিম আ স ম শহীদুল্লাহ কায়সারের আদালত এ রায় ঘোষণা করে। গিয়াস কাদের যুদ্ধাপরাধের দায়ে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া সালাউদ্দিন কাদের চৌধুরীর ছোট ভাই।

মামলার নথি থেকে জানা যায়, জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ২০১৮ সালের ২৯ মে ফটিকছড়িতে বিএনপির এক সমাবেশে গিয়াস কাদের প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে বলেন, ‘আপনার বাবার চেয়েও আপনার পরিণতি আরও খারাপ হবে।’ দলীয় সমাবেশে প্রধানমন্ত্রীকে নিয়ে কট‚ক্তি, হত্যার হুমকি ও মানহানির অভিযোগে গত বছর ৩১ মে ফটিকছড়ি উপজেলা আওয়ামী লীগের তৎকালীন সাধারণ সম্পাদক নাজিমউদ্দিন মুহুরী আদালতে মামলা করেন।

এ বিষয়ে আদালতের অতিরিক্ত পিপি সমীর দাশগুপ্ত দেশ রূপান্তরকে বলেন, ২০১৮ সালের ৩১ মে আদালত মামলাটি সরাসরি গ্রহণ করে। চলতি বছর ১৮ সেপ্টেম্বর আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেয় আদালত। মোট ছয়জনের সাক্ষ্যগ্রহণ শেষে আদালত গতকাল রায় দেয়। বিচারক গিয়াস কাদেরকে তিন বছর কারাদণ্ডের পাশাপাশি ৫ হাজার টাকা জরিমানা করেছে। অনাদায়ে আরও তিন মাসের সাজা দিয়েছে। তবে জামিন নেওয়ার পর থেকে গিয়াস কাদের পলাতক বলে জানান আইনজীবী।