মজাদার মাশরুম টার্কি

ভিন্ন স্বাদে মজাদার মাশরুম টার্কির রেসিপি দিয়েছেন উম্মাহ মোস্তফা।

উপকরণ

ধাপ -১ : টার্কির বুকের মাংস ৩০০ গ্রাম, মরিচের গুঁড়ো ১ চা চামচ, কালো গোল মরিচের গুঁড়ো ১চা চামচ, গরম মসলা ১ চিমটি, আদা বাটা ১ চা চামচ, রসুন বাটা ১ চা চামচ, কর্ন ফ্লাওয়ার সিকি কাপ, তেল আধা কাপ, লবণ ১ চা চামচ।

মাংস তৈরি : মাংস কিউব করে কেটে রাখুন। তেল বাদে বাকি সব উপকরণ ভালো করে মেখে ৩ ঘণ্টা মেরিনেট করে রেখে দিন। মেরিনেট শেষে ভালো করে গরম তেলে অল্প আঁচে সেলো ফ্রাই করুন ১৫ মিনিট।

ধাপ-২ : টমেটো পিউরি ১ কাপ, বাটন মাশরুম ১ ক্যান, গোল মরিচের গুঁড়ো আধা  চা চামচ, রসুন কুচি ১ টেবিল চামচ, মাখন  ২ টেবিল চামচ, পেঁয়াজ কুচি আধা কাপ, চিলি ফেক্স ১ চা চামচ, কাঁচা মরিচ ফালি ৪টা।

যেভাবে তৈরি করবেন

১. ক্যান থেকে মাশরুম বের করে গরম পানি দিয়ে বেশ ভালো করে ধুয়ে নিন।

২. ধুয়ে নেওয়ার পরে ধারালো ছুরি দিয়ে চাক চাক করে কেটে রাখুন।

৩. ফ্রাইপ্যানে মাখন গরম করে তাতে রসুন কুচি দিন। এরপর মাশরুম দিয়ে ২ মিনিটের মতন ভেজে উঠিয়ে রাখুন।

৪. একই ফ্রাইপ্যানে টমেটো পিউরিসহ বাকি উপাদান আছে (ধাপ-১ এর ভাজা টার্কি আর মাশরুম বাদে) দিয়ে দিন।

৫. বলগ এলে ভেজে রাখা টার্কি ও মাশরুম দিয়ে মাখা মাখা হলে কাঁচা মরিচের ফালি দিয়ে নামিয়ে পরিবেশন করুন।