শিবচরের ঠিকানা ব্যবহার করে পাসপোর্ট, রোহিঙ্গা তরুণী আটক

ভারত থেকে বাংলাদেশে প্রবেশকালে চুয়াডাঙ্গার দর্শনা জয়নগর চেকপোস্টে সাহানা আক্তার নামে এক রোহিঙ্গা তরুণীকে আটক করেছে দামুড়হুদা মডেল থানা পুলিশ। ওই তরুণী পাসপোর্টে মাদারীপুরের শিবচরের ঠিকানা ব্যবহার করেছেন। গত বুধবার রাতে তাকে শিবচর থানায় হস্তান্তর করা হয়েছে।

শিবচর থানার পরিদর্শক (তদন্ত) আমির হোসেন বলেন, রোহিঙ্গা তরুণীর পাসপোর্টে শিবচরের ঠিকানা থাকায় তাকে আমাদের কাছে হস্তান্তর করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, গত ১ আগস্ট সাহানা জয়নগর ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে গেদে বর্ডার ইমিগ্রেশনের মাধ্যমে ভারতে যান। মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে ওই চেকপোস্ট দিয়ে বাংলাদেশে প্রবেশের সময় ইমিগ্রেশন পুলিশ তার কথাবার্তায় মিয়ানমারের আঞ্চলিক ভাষার টান পায়। পরে তাকে আটক করে।

ওই তরুণীর পাসপোর্টে তার বাবার নাম বাবুল দরানী ও মায়ের নাম নিলুফা বেগম ও জন্ম তারিখ ১৪ জুন ১৯৮৯ এবং তার বাড়ি শিবচর উপজেলার উমেদপুর ইউনিয়নের রামরায়েরকান্দি গ্রামে উল্লেখ রয়েছে। পাসপোর্টটি ২০১৬ সালের ১৭ ফেব্রুয়ারি ঢাকা থেকে ইস্যু করা হয়।

এছাড়াও তার কাছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বরাদ্দকৃত পরিচয়পত্র পাওয়া গেছে। তাতে নাম আজিদা, পিতা আবদুল খালেক, মাতা লালু ও জন্ম তারিখ ১ জানুয়ারি ১৯৯৯ইং উল্লেখ রয়েছে।