ইংল্যান্ডে বিশ্বকাপের চলাকালীন ভারত দলের এক নির্বাচক অধিনায়ক বিরাট কোহলির স্ত্রী আনুশকা শর্মাকে নাকি চা এগিয়ে দিতে ব্যস্ত ছিলেন। টিম ইন্ডিয়ার সাবেক উইকেটকিপার ফারুখ ইঞ্জিনিয়ারের এমন অভিযোগ উড়িয়ে দিয়ে টুইটারে কড়া জবাব দেন বিরাটপত্নী। তাতে এ ইস্যুতে ৩৬০ ডিগ্রি ঘুরে গেলেন অশীতিপর ফারুখ!
ভারতের রিপাবলিক টিভিকে সাবেক এই ক্রিকেটার বলেন, “আমি মজা করে কথাটি বলেছিলাম। এটা তিল থেকে তাল করা হয়েছে।”
“তাতে আনুশকাকেও টেনে আনা হয়েছে। সে খুব ভালো একটা মেয়ে। বিরাট কোহলি অসাধারণ একজন অধিনায়ক। রবি শাস্ত্রী খুব ভালো একজন কোচ। পুরো বিষয়টা নিয়ে অযথা বাড়াবাড়ি করা হয়েছে।”
“হ্যাঁ, ঘটনাটি ঘটেছিল। তবে আমি আনুশকার সমালোচনা করছি না। সে খুব ভালো ও প্রাণবন্ত একজন মেয়ে। চমৎকার একজন মানুষ। সে ও বিরাট কোহলি রোল মডেল। আমি একটুও তার সমালোচক নই। সে দুঃখ পেয়ে থাকলে আমি তার কাছে ক্ষমা চেয়ে নেব। তার খারাপ লেগে থাকলে আমি খুবই দুঃখিত।”
“আমার ক্ষোভ সেসব নির্বাচকদের প্রতি যাদেরকে যথাযথভাবে তাদের দায়িত্ব করতে আমি দেখিনি। আনুশকা বা বিরাটের প্রতি আমার কোনো ক্ষোভ নেই।”
উল্লেখ্য, বৃহস্পতিবার টাইমস অব ইন্ডিয়াকে এক সাক্ষাৎকারে এমএসকে প্রসাদের নেতৃত্বাধীন নির্বাচন কমিটিকে ‘মিকি মাউজ সিলেকশন কমিটি’ বলে কটাক্ষ করেন ফারুখ ইঞ্জিনিয়ার। ইংল্যান্ড বিশ্বকাপের সময় যথাযথ দায়িত্ব পালন না করে আনুশকাকে চা এগিয়ে দিতেই নাকি এক নির্বাচক ব্যস্ত ছিল বলে জানান তিনি।
বর্ষীয়ান সাবেক এই ক্রিকেটারের এমন মন্তব্য মোটেও ভালোভাবে নেননি আনুশকা। টুইটারে এর জবাব নিয়ে হাজির হন এই বলিউড অভিনেত্রী। ক্ষোভ প্রকাশ করে তাতে তিনি লেখেন- “আমার চুপ করে থাকার অর্থ মিথ্যাকে মেনে নেওয়া৷ কিন্তু আমি এই বিতর্কটা এখানেই শেষ করে দিতে চাই। বিশ্বকাপ চলাকালীন নির্বাচকেরা আমাকে চা সার্ভ করেছিল, এটা সম্পূর্ণ মিথ্যা। বিশ্বকাপের সময় আমি সিলেক্টর বক্সে নয়, ফ্যামিলি বক্সে বসেছিলাম। তা ছাড়া আমি চা নয়, আমি কফি খাই।”